Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি যোসেফ বিকাশ ডি’কস্তা ও সাধারণ সম্পাদক চিত্রা রোজারিওর নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক

নিউইয়র্কে প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি যোসেফ বিকাশ ডি’কস্তা ও সাধারণ সম্পাদক চিত্রা রোজারিওর নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক

নিউইয়র্কে প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি যোসেফ বিকাশ ডি’কস্তা ও সাধারণ সম্পাদক চিত্রা রোজারিওর নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জয়যাত্রা’ শিরোনামে প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক্ (PBCA)-এর ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য, সম্প্রীতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, প্রবাসে বাঙালি খ্রিস্টানদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি গাব্রিয়েল তাপস গমেজ। পিবিসি নির্বাচন কমিটি-২০২৬-এর সদস্য সচিব ও বিদায়ী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মাথিয়াস বাবুল রোজারিওর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিদায়ী সভাপতি গাব্রিয়েল তাপস গমেজ ২০২২-২০২৬ মেয়াদে কার্যকরী পরিষদের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও অর্জনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে বিদায়ী কমিটির সব সদস্যকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাঁদের নিষ্ঠা, শ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পিবিসি নির্বাচন-২০২৬ পরিচালনাকারী নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, নবনির্বাচিত সভাপতি যোসেফ বিকাশ ডি’কস্তা, সংগঠনের প্রতিষ্ঠাকালীন অ্যাডহক কমিটির সভাপতি নির্মল আলবেনু গমেজ, প্রতিষ্ঠাকালীন সদস্য অনিল ডমিংগ গমেজ এবং ‘তেপান্তরী’-এর প্রধান সম্পাদক সুবীর লুইস রোজারিও।

এছাড়াও বিভিন্ন চার্চ থেকে আগত ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার মিন্টু রোজারিও, শ্রদ্ধেয় ফাদার স্টনলী গমেজ, পাস্টর জেমস রয়, পাস্টর যোসেফ বিশ্বাস ও পাস্টর কমল দে। প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্মল আলবেনু গমেজ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাধারণ সদস্যদের পক্ষে বক্তব্য দেন সুবীর লুইস রোজারিও।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ। রেনু গমেজ ও তাঁর সংগীত দলের পরিবেশনায় দলীয় সংগীতের সুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নবনির্বাচিত সদস্যরা মঞ্চে প্রবেশ করেন।

পিবিসি নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ডেরিক পিনেরু নবনির্বাচিত সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালনের শপথবাক্য পাঠ করান। এ সময় নির্বাচন কমিশনার জেভিয়ার অশোক গমেজ, ডমেনিক অঞ্জন কস্তা, হেমন্ত পালমা ও সেতু সরকার মঞ্চে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিবারের সদস্যরা তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন যোসেফ বিকাশ ডি’কস্তা, সহ-সভাপতি জুলিয়ান ম্যালকম মেন্ডেস, সাধারণ সম্পাদক চিত্রা রোজারিও, সহ-সাধারণ সম্পাদক রোজলিন বটলেরু, কোষাধ্যক্ষ রিচার্ড অনিক গমেজ, সহ-কোষাধ্যক্ষ ব্রায়েন গমেজ, সাংগঠনিক সম্পাদক চন্দা কোড়াইয়া, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক উর্মি বেনেট রোজারিও ও সনি খ্রিস্টফার পেরেরা, যুগ্ম যুব ও ক্রীড়া সম্পাদক জেমস টিপু বাড়ৈ ও লরেন্স ডি’কস্তা (ডেনি), কার্যকরী সদস্য জেমস গমেজ (আদি) ও ডেরিক জে. গনসালভেস।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর যোসেফ বিকাশ ডি’কস্তা তাঁর বক্তব্যে মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। যাঁরা তাঁর ওপর আস্থা রেখে পুনরায় সংগঠনের সেবা করার সুযোগ দিয়েছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, PBCA তাঁর কাছে শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এটি প্রবাসী বাঙালি খ্রিস্টানদের পরিচয়, সংস্কৃতি, বিশ্বাস এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিস্তৃত পারস্পরিক বন্ধনের প্রতীক।

সংগঠনের সঙ্গে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি জানান, ২০০২ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং ২০০৪ সালে সভাপতির দায়িত্ব গ্রহণের পর পরবর্তী ১০ বছরেরও বেশি সময় ধরে সভাপতি হিসেবে সংগঠনের সেবা করার সুযোগ পেয়েছেন। দীর্ঘ এই অভিজ্ঞতায় সংগঠনের উন্নতি, নানা চ্যালেঞ্জ ও অর্জন প্রত্যক্ষ করেছেন তিনি। তাঁর মতে, একটি সংগঠনের প্রকৃত শক্তি নির্ভর করে সদস্যদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর।

নবনির্বাচিত সভাপতি বলেন, আজ তিনি শুধু একটি বিজয় উদ্‌যাপন করতে আসেননি, বরং মানুষের কথা শোনা, মানুষের সেবা করা এবং সবাইকে একত্রিত ও সংগঠিত রাখার দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি এমন একটি PBCA গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত হবে, তরুণ প্রজন্ম নিজেদের আপন সংগঠন হিসেবে বিবেচনা করবে, প্রবীণরা যথাযথ সম্মান পাবেন এবং প্রতিটি পরিবার সংগঠনটির পাশে থাকার বিষয়ে আস্থা রাখতে পারবে।

তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে তরুণ প্রজন্মের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি, বাঙালি খ্রিস্টানদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, বিপদগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রে নতুন আগত অভিবাসীদের সহযোগিতায় এগিয়ে আসা।

নির্বাচনে তাঁকে সমর্থনকারী ও অন্য প্রার্থীকে সমর্থনকারী—সব সদস্যের প্রতিই সমান সম্মান ও আন্তরিকতা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আসুন, আমরা সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাই। সংগঠনের বৃহত্তর স্বার্থে কোনো বিভেদ, ব্যক্তিগত স্বার্থ কিংবা বাধা থাকা উচিত নয়।

তিনি সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করে বলেন, প্রতিটি সমস্যার সমাধান তাঁর জানা না থাকলেও নিজের সময়, অভিজ্ঞতা এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবেন।

অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রা রোজারিওর নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বিত নেতৃত্বে সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং প্রবাসী বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ডেরিক পিনেরুসহ নির্বাচন কমিশনের সব সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া নির্বাচন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোল অবজারভার, আইটি বিশেষজ্ঞ, পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সদ্যবিদায়ী সভাপতি গাব্রিয়েল তাপস গমেজ।

পরবর্তীতে বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষ থেকে সংগঠনের প্রয়োজনীয় নথিপত্র ও সম্পদ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্ব ও প্রশাসনিক দায়িত্বের আনুষ্ঠানিক পরিবর্তন সম্পন্ন হয়।

সবশেষে সদ্যবিদায়ী সভাপতি গাব্রিয়েল তাপস গমেজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে। পরে নৈশভোজ, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নতুন নেতৃত্বের অভিষেককে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান শুধু একটি সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়, বরং প্রবাসী বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য, ঐতিহ্য, পারস্পরিক সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্মিলিতভাবে কাজ করার নতুন প্রত্যয়ের প্রতিফলন হিসেবে উপস্থিত সবার কাছে বিশেষ তাৎপর্য বহন করে।