Logo

আন্তর্জাতিক    >>   রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার বিরুদ্ধে গোপন তথ্য সংগ্রহ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ। ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তরে কর্মরত ওই কর্মকর্তার গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) গ্লস্টারশায়ারের গ্লস্টার শহরের কাছে তাকে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার ওই মার্কিন সেনাসদস্য গ্লস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ইমজিন ব্যারাকসে কর্মরত ছিলেন। এটি ন্যাটোর অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কোরের (এআরআরসি) সদর দপ্তর।

এই সদর দপ্তর থেকে ন্যাটোর সামরিক অভিযানের পরিকল্পনা ও পরিচালনার কাজ করা হয়। ফলে এটি জোটটির সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কোনো চলমান তদন্তের সংশ্লিষ্টতা নেই। তবে গ্রেফতার ওই মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি লন্ডনের একটি থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, অভিযোগ গঠন ছাড়াই তাকে সর্বোচ্চ ১৪ দিন আটক রাখা যাবে। এ সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি ও তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এ গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে এই গ্রেফতারের ঘটনা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের। কাশ প্যাটেল আরও বলেন, তদন্ত চলমান থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতি শপথ ভঙ্গ করে কেউ যদি দেশটির জাতীয় নিরাপত্তা ও মিত্রদের নিরাপত্তা বিপন্ন করেন, তাহলে তাকে কোনো ছাড় দেবে না এফবিআই। সূত্র: বিবিসি, জাগোনিউজ