থ্যাঙ্কসগিভিংয়ের আনন্দ ভাগাভাগি: প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জ্যাকসন হাইটসে অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগার উদ্যোগে শতাধিক বাসিন্দার মাঝে বিনামূল্যে হালাল মুরগি বিতরণ
উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ:
যুক্তরাষ্ট্রের আসন্ন থ্যাঙ্কসগিভিং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে হালাল মুরগি বিতরণ করা হয়েছে। গত ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগার উদ্যোগে এবং মুসলিমস ফর হিউম্যানিটি ও ইকনা রিলিফের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দাদের জন্য আয়োজিত এ কর্মসূচিতে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তি এবং উপস্থিত সাধারণ বাসিন্দাদের মধ্যে একটি করে হালাল মুরগি বিতরণ করা হয়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়া এবং স্থানীয় পরিবারের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত থেকে অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা বলেন, জ্যাকসন হাইটসে আমরা নিশ্চিত করতে চাই, আমাদের প্রতিবেশীরা যেন তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে থ্যাঙ্কসগিভিং উদযাপনের জন্য প্রয়োজনীয় সহায়তা পান। আমাদের মুসলিম কমিউনিটির ভাই-বোনদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। সবার সম্মিলিত সহযোগিতায় কমিউনিটির মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগার কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অব স্টাফ পেমা গেনখাং, সিনিয়র অ্যাডভাইজার জন বাহিয়া, স্পেশাল প্রজেক্টস কো-অর্ডিনেটর জশুয়া লোপেজ-ব্রাগানজা এবং ডিরেক্টর অব কমিউনিটি রিলেশনস কাজী মরিয়ম।
এ ছাড়া ইকনা রিলিফের পক্ষে উপস্থিত ছিলেন আসগর খান, নোমান খান, আমতুল সিং, জাশা সিং ও নাহিদ ঝুমা। কর্মসূচি বাস্তবায়নে টাউনসেন্ড হ্যারিস হাইস্কুলের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক প্রিয়াংকা সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুসলিমস ফর হিউম্যানিটি (Muslims for Humanity), ইকনা রিলিফ (ICNA Relief), নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগার ৩০তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় কমিউনিটির মধ্যে মানবিকতা, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বহুজাতিক ও বহুসাংস্কৃতিক নিউইয়র্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগ প্রবাসী কমিউনিটির পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















