যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মস্কো। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দারচিয়েভ ‘আকস্মিকভাবে মারা গেছেন’। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দেড় বছরের মাথায় তার মৃত্যু হলো।
বিবৃতিতে দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদালাপী সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি কাজ করেছেন বলেও জানানো হয়। বিশেষ করে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান দারচিয়েভ। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক আলোচনায় আসে।
এর আগে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই অভিযানের পক্ষে অবস্থান নিয়ে দারচিয়েভ একে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, কূটনীতিক পরিবারে জন্মগ্রহণ করেন আলেক্সান্ডার দারচিয়েভ। তার বাবা নিকিতা ইভানোভিচ দারচিয়েভ হাঙ্গেরিতে রাশিয়ার দূতাবাসে মন্ত্রী-পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৯২ সালে কূটনৈতিক পেশায় যোগ দেন দারচিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে প্রথম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে যোগ দেন দারচিয়েভ। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত একই দূতাবাসে মন্ত্রী-পরামর্শকের দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
২০১০ সালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবে ফিরে আসেন দারচিয়েভ। এরপর ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত ওই বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















