পরকীয়ার অভিযোগে সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। অভিযোগে নাম আসা দুই নারীর একজনকে চীনের সন্দেহভাজন গুপ্তচর বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।
বুধবার (১১ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে বুধবারই বৈঠকে বসতে পারে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের এনভিডিয়ায় নেতৃত্বের সংকট তৈরি হতে পারে। তিন দশকেরও বেশি সময় আগে সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপের সবচেয়ে প্রভাবশালী সরবরাহকারীতে পরিণত করেছেন। বর্তমানে বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত প্রসার এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রে রয়েছে কোম্পানিটি।
বুধবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের তদন্তের খবর প্রকাশের পর চলতি সপ্তাহে শেয়ারবাজারে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে।
তবে হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন ডি এ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া। তার ভাষ্য, কোম্পানিটির কোনো উত্তরসূরি পরিকল্পনা নেই। তবে হুয়াং আইন ভেঙেছেন বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেছেন—এমন প্রমাণ পাওয়া গেলে পরিচালনা পর্ষদ দ্রুত ব্যবস্থা নিতে পারে।
এর আগে বুধবার নিউইয়র্ক টাইমস জানায়, এনভিডিয়ার এক নারী নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই নারী তার অধীনেই কাজ করতেন। কোম্পানির পাঁচজন কর্মীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই নির্বাহীর নাম কিম্বারলি পাওয়েল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বুধবার ফোনে হুয়াংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত বলে তিনি মনে করেন না। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানিয়েছে পত্রিকাটি।
এ বিষয়ে এনভিডিয়া ও পাওয়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, তারা প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এর আগে অ্যালিস হুয়াং নামে আরেক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ পাঠানোর ব্যবস্থা করতে সহায়তা করেছিলেন। পাশাপাশি তিনি চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
রোববার কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন হুয়াং। এ ঘটনার ‘পূর্ণ দায়’ নেওয়ার কথাও জানান তিনি। তবে কার সঙ্গে তার সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
একই দিন বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হুয়াং হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। বাইরের আইনজীবীদের সহায়তায় স্বতন্ত্র পরিচালকেরা তদন্তটি তদারক করছেন। তবে তদন্ত শুরুর সময় পরিচালনা পর্ষদ হুয়াংয়ের প্রতি আস্থার কথা জানিয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব অভিযোগ নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তবে এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়ে তাকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, হুয়াং যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কাজ করেছেন।
অভিযোগের বিষয়ে বন্ধ দরজার বৈঠকে বক্তব্য দেওয়ার অনুরোধে সাড়া না দিলে কংগ্রেসের পক্ষ থেকে হুয়াংকে তলব করা হতে পারে। চীনা ওই নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওই নারী বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করতেন—এমন অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম ও ক্রিস মালাচোস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে প্রতিষ্ঠানটি কম্পিউটার গেমের জন্য গ্রাফিকস চিপ তৈরি করত। পরে তাদের ‘কুডা’ (CUDA) সফটওয়্যার এসব প্রসেসরকে সাধারণ কম্পিউটিংয়ের কাজে ব্যবহারের সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশেও এনভিডিয়ার চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, নিউইয়র্ক টাইমস, জাগোনিউজ



















