নিউইয়র্কে ফোবানার ৪০তম বার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত — বঙ্গবন্ধুকে উৎসর্গ, চেতনায় ‘৭১
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের এস্টোরিয়ায় অবস্থিত ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে গত ৩৯ বছর ধরে ফোবানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির ঐক্যকে সমুন্নত রাখতে। এবারের ৪০তম সম্মেলনটি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে— “চেতনায় ‘৭১, হৃদয়ে বাংলাদেশ”।
বক্তারা আরও জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে বাংলা সংস্কৃতির বিকাশ, নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের সংযোগ স্থাপন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। ফোবানা মূলত উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যা দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করে আসছে।
এবারের সম্মেলনে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অধিবেশন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা নিয়ে সেমিনার, উত্তর আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি থাকছে। এছাড়া বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য ও কবিতা আসর, ব্যবসা ও নেটওয়ার্কিং সেশন, ওমেন এমপাওয়ারমেন্ট সেশন, ইমিগ্রেশন বিষয়ক সেমিনার এবং নতুন প্রজন্মের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।
সাংবাদিক সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে। তারা গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, কনভেনর নুরুল আমিন বাবু, মেম্বার সেক্রেটারি মঞ্জুর কাদের , এক্সিকিউটিভ জয়েন সেক্রেটারি সুব্রত তালোকদার সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


















