নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে — জ্যাকসন হাইটসে মহাসমারোহে আয়োজন, প্রবাসে লাল-সবুজের গৌরব ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি জোরদার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে “প্যারেড এক্সিকিউটিভ কমিটি মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য প্রেস” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্যারেডের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, নিরাপত্তা, সাংস্কৃতিক আয়োজন এবং কমিউনিটির সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, আগামী ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে বর্ণাঢ্য এ প্যারেড অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিটি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করা হয়েছে এবং এবারের আয়োজন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও বৃহৎ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।
প্যারেডটি যৌথভাবে আয়োজন করছে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। আয়োজকরা বলেন, বাংলাদেশ ডে প্যারেড শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, গৌরব, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের এক শক্তিশালী প্রতীক—যা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও শিকড়ের বন্ধনকে আরও দৃঢ় করে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্যারেড কমিটির চেয়ারম্যান এটর্নি মইন চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মেম্বার সেক্রেটারি ও কনভেনর ফাহাদ সোলায়মান। বক্তব্য রাখেন কনভেনর গিয়াস আহমেদ, বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স), গ্র্যান্ড মার্শাল ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, ইভেন্ট চিফ কো-অর্ডিনেটর আহসান হাবিব, ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, প্যারেড কো-অর্ডিনেটর ফয়সাল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ও স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১২ এর প্রার্থী স্টিভেন রাগা উপস্থিত থেকে আয়োজকদের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলিম্যান পদে ডেমোক্র্যাট প্রার্থী শামসুল হক, সাংবাদিক ও কলামিস্ট শাহ জে চৌধুরী, রিপাবলিকান নেতা নাসির খান পলসহ কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্যারেডে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিবিদ, সেলিব্রিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যাপক অংশগ্রহণ থাকবে। প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
কনভেনর ফাহাদ সোলায়মান প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “১৭ মে সকাল ৮টা থেকে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলবে।”
বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে ঐক্য, সংস্কৃতি ও গৌরবের এই মহামিলনমেলা সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, এবারের আয়োজন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
আয়োজকরা গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়।


















