নিউইয়র্কে সিলেট এম.সি. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’র বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে সিলেট এম.সি. এন্ড গভঃ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক.-এর উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটির মর্যাদা আরও উজ্জ্বল করে তোলেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা স্বাধীনতার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে—যা জাতির জন্য চিরন্তন প্রেরণা।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন আজিমুর রহমান বোরহান, দেওয়ান শাহেদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দিদার শাহীন, ম. আমিনুল হক চুন্নু ও গোলাম কিবরিয়া চৌধুরী প্রমুখ। তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, ইতিহাসচর্চা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া চৌধুরী। পরবর্তীতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহফুজুল বারী চৌধুরী।
সবশেষে সংগঠনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।


















