অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আর তাঁর পদে থাকছেন না। গতকাল বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বন্ডিকে আইন প্রয়োগকারী শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাম বন্ডি যেভাবে যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথিগুলো সামলেছেন, তা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি বন্ডিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।ট্রুথ সোশ্যাল পোস্টে মি. ট্রাম্প লিখেছেন, পাম বন্ডি যুক্তরাষ্ট্রের মহা দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত বছরজুড়ে বিশ্বস্ততার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে বন্ডিকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি কেবল লিখেছেন, ‘আমরা পামকে ভালোবাসি।’ ট্রাম্প আরও বলেছেন, বন্ডি এখন বেসরকারি খাতে ‘অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ’ নতুন একটি কাজে যোগ দেবেন। বন্ডির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকে বরখাস্ত করেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন লি জেলডিনকে বিচার বিভাগের পরবর্তী দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন। জেলডিন বর্তমানে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রধান হিসেবে কাজ করছেন।
যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়া জেফরি এপস্টিনের কারাগারে মৃত্যু হয় ২০১৯ সালে। এপস্টিন–সংক্রান্ত নথিতে বারবারই ট্রাম্পের নাম উঠে এসেছে। কংগ্রেসে পাস হওয়া একটি বিলের আওতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন–সংক্রান্ত নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়। বন্ডি বিচার বিভাগের নেতৃত্বে থাকা অবস্থাতেই নথিগুলো প্রকাশিত হয়েছে। তবে আইনপ্রণেতাদের অভিযোগ, নথিগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি। সূত্র: প্রথম আলো


















