এলিয়েন বিতর্কে ওবামার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোপন তথ্য প্রকাশের অভিযোগে অভিযুক্ত করেছেন। বারাক ওবামা ভিনগ্রহী প্রাণের (এলিয়েনের) অস্তিত্ব রয়েছে বলে নিশ্চিত করেছিলেন। এমন তথ্য প্রকাশ করায় গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বারাক ওবামাকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি ক্ল্যাসিফাইড তথ্য প্রকাশ করেছেন। তার এমনটি করার কথা নয়। তিনি বড় ভুল করেছেন। তিনি এটি শ্রেণিবদ্ধ তথ্যের বাইরে নিয়ে এসেছেন। না, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আমি এ নিয়ে কখনও কথা বলি না। অনেকেই বলে, অনেকেই বিশ্বাস করে।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি হয়ত ‘তথ্যগুলো অবমুক্ত (ডিক্লাসিফাই) করে তাকে সমস্যামুক্ত করতে পারেন।’ এর আগে যুক্তরাষ্ট্রের পডকাস্ট উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক আলাপচারিতায় ওবামা বলেন, ভিনগ্রহীরা ‘বাস্তব’। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই পডকাস্টে ভিনগ্রহী প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।’
তিনি আরও বলেন, ‘তাদের এরিয়া ৫১-এ রাখা হয়নি; সেখানে কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই।’ তিনি লেখেন, ‘পরিসংখ্যানগত দিক থেকে মহাবিশ্ব এত বিশাল যে কোথাও প্রাণ থাকার সম্ভাবনা যথেষ্ট। কিন্তু সৌরজগতগুলোর মধ্যকার দূরত্ব এত বেশি যে আমাদের কাছে ভিনগ্রহীরা এসেছে—এ সম্ভাবনা কম। আর আমার প্রেসিডেন্সির সময়ে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ আমি দেখিনি। সত্যিই না!’
এরিয়া ৫১ হলো দক্ষিণ নেভাদার গ্রুম লেকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যন্ত গোপন সামরিক স্থাপনা। বহুদিন ধরে এটি ভিনগ্রহী সংক্রান্ত নানা ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হলেও, আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃত একমাত্র কাজ হলো বিমান পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা। সূত্র: আনাদোলু এজেন্সি,জাগোনিউজ


















