বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ভূমিকা দেখে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের ভূমিকা সন্তোষজনক বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।
ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ভোটার উপস্থিতি ভালো। এবং তিনি আরো ভালো হওয়ার জন্য আশাবাদী। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেও তিনি এ সময় আস্থা প্রকাশ করেন।
শফিকুর রহমান বলেন, সারা দেশের খবর যা পাচ্ছেন তাতে বিশ্বাস করেন, জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’ করবে না। জামায়াতের আমির নির্বাচনের প্রথম ভাগে ভোট দিয়েছেন। সে সময় ভোটার উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। তিনি বলেন, তার মনে হয়েছে যে দুয়েকটা সেন্টারে শুধু টার্নওভার কম।
তিনি অভিযোগ করেন, ভোটের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রে জামায়াতের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে পরে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে। ওই লোকেরা ভোটার ও সমর্থকদের শারীরিকভাবে নাজেহাল করে। বিষয়টি শোনার পর তিনি আবার সেখানে গিয়ে দেখেন, ইতোমধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছেন।
তবে, বিএনপির প্রার্থীদের কর্মী-সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে বলেও তিনি অভিযোগ করেন। যেমন - কুমিল্লার বড়ুরার বেশ কিছু সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং জামায়াতের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এ ছাড়া কুমিল্লার লাকসামে ও ভোলার লালমহনে সমস্যা তৈরি হয়েছে বলে তিনি জেনেছেন বলে উল্লেখ করেন জামায়াতের আমির। সূত্র: বিবিসি


















