Logo

আন্তর্জাতিক    >>   ভারত মহাসাগরে থাকা আমেরিকান রণতরী ও ট্যাঙ্কারে সফল হামলার দাবি ইরানের

ভারত মহাসাগরে থাকা আমেরিকান রণতরী ও ট্যাঙ্কারে সফল হামলার দাবি ইরানের

ভারত মহাসাগরে থাকা আমেরিকান রণতরী ও ট্যাঙ্কারে সফল হামলার দাবি ইরানের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারত মহাসাগরে মোতায়েন করা একটি আমেরিকান রণতরী এবং একটি আমেরিকান জ্বালানি ট্যাঙ্কারে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ -এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ৬৫০ কিলোমিটার দূরে সাগরের মাঝখানে চলমান জাহাজে আঘাত হানার মাধ্যমে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) ভোরে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এমন দাবি করেছে।

আইআরজিসি-র নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে এই হামলাটি চালানো হয়। হামলার সময় আমেরিকান ডেস্ট্রয়ারটি একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল। এই হামলায় ব্যবহৃত হয়েছে কদর-৩৬০ নামের অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া এ হামলায় তালাইয়েহ নামের ক্রুজ ক্ষেপবণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। তালাইয়েহ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র।

গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি যুদ্ধজাহাজের ডেকজুড়েই ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভারত মহাসাগরের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের দাবি অনুযায়ী, এই অভিযানটি ইসরায়েলি ও মার্কিন বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া আমেরিকান-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পর এটি ইরানের পক্ষ থেকে চালানো বড় ধরনের পাল্টা আক্রমণ। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, জাগোনিউজ