Logo

ইউএসএ নিউজ    >>   একুশের প্রথম প্রহরে নিউইয়র্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ

একুশের প্রথম প্রহরে নিউইয়র্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ

একুশের প্রথম প্রহরে নিউইয়র্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বাংলাদেশ সোসাইটি নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং সেই আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করে। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে দিনটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার সূচনা। সেই আত্মত্যাগের পথ ধরেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। আজকের প্রজন্মের কাছে ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তারা আরও বলেন, “একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে ত্যাগ ও গৌরবের এক অনন্য দিন। শহীদদের রক্তে অর্জিত আমাদের প্রিয় মাতৃভাষা আজ বিশ্বদরবারে প্রতিষ্ঠিত। প্রবাসেও সেই চেতনা অম্লান রাখতে আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি।”
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিকুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, যুবলীগ নেতা গণেশ কীর্তনিয়া, ছাত্রলীগ নেতা ফিদা হাসান, স্বপ্নীলসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্মিত শহীদ মিনারগুলোতেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রবাসে থেকেও ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।