নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ ২০২৬, রবিবার কুইন্সের গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল। তিনি বলেন,
“দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে আমরা কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজও আমাদের সঙ্গে রয়েছেন, এমনকি তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দিতে পারি।”
তিনি আরও জানান, বাংলা ট্র্যাভেলস বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। ভারতীয় উপমহাদেশের ট্রাভেল ব্যবসার প্রায় ৯৯ শতাংশই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে থাকলেও, তাদের প্রতিষ্ঠান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি এ সাফল্যের জন্য গ্রাহক, কর্মচারী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বাংলা ট্র্যাভেলসকে কেবল একটি ট্র্যাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবার হিসেবে অভিহিত করেন। তারা বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা প্রদান করে আসছে এবং সবসময় গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।
মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যময় ও সার্থক করে তোলেন। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।


















