ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে ‘হামাসকে পুরস্কার’ দেওয়া: ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে আসলে হামাসকে পুরস্কৃত করা ছাড়া আর কিছুই না। যেসব দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের সিদ্ধান্তের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা সংঘাত বন্ধে কোনো ভূমিকা রাখবে না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আসলে ‘হামাসকে পুরস্কার’ দেওয়ার সমান। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ কথা জানান। লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি মনে করেন, এটি গাজায় জিম্মিদের মুক্ত করতে কোনো ভূমিকা রাখছে না, যা এখনকার মূল লক্ষ্য। এছাড়া এটি সংঘাত শেষ করতেও কোনো কাজে আসবে না।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে মনে করেন এটা হামাসকে পুরস্কার দেওয়া ছাড়া আর কিছুই না।তার মতে, তার বন্ধু ও মিত্র দেশগুলোর পক্ষ থেকে এসব সিদ্ধান্ত কেবল কথার ফুলঝুরি, কাজের কিছু নয়।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও পর্তুগালের পর ফ্রান্সও পশ্চিমা দেশগুলোর সেই তালিকায় যোগ দিলো, যারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
এই স্বীকৃতিকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন সময়ে এই ঘোষণা এলো যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, যেখানে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: আল জাজিরা



















