Logo

আন্তর্জাতিক    >>   ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে প্রদর্শিত হবে রাজীদ সিজনের ‘ইলাইজা’

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে প্রদর্শিত হবে রাজীদ সিজনের ‘ইলাইজা’

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে প্রদর্শিত হবে রাজীদ সিজনের ‘ইলাইজা’

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইলাইজা’ নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম)-এর মূল প্রতিযোগিতা বিভাগে। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য উৎসবটির এবারের আসরে জমা পড়া ১,৪০০টিরও বেশি চলচ্চিত্রের মধ্যে মাত্র ৭৫টি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে, যার মধ্যে ৩১টি ভাষায় নির্মিত ছবি রয়েছে। উৎসবটি এবার উদযাপন করছে এর ১৬তম বর্ষ।
রাজীদের ‘ইলাইজা’ ছাড়াও এবারের উৎসবে আরও নয়টি বাংলা ভাষার চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে— তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দি’, সুমন ঘোষের ‘পুরাতন’, মাকসুদ হোসেনের ‘সাবা’, কোকব গেব্রেহাওয়ারিয়ার ‘এ ডল মেইড আপ অফ ক্লে ফ্রম ইউরূবা’ এবং চলচ্চিত্রগুরু ঋত্বিক ঘটকের পুনরুদ্ধারকৃত ধ্রুপদী ছবি ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩) ও ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)।
টাইমস অফ ইন্ডিয়া-এর সাম্প্রতিক এক ফিচারে বলা হয়েছে, ‘ইলাইজা’ বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বহুমুখী গল্পের ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনাকে নতুনভাবে উপস্থাপন করেছে।
চলচ্চিত্রের কাহিনি ঘুরে বেড়ায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী হায়দার ও তার পরিবারের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। উবার-ভিত্তিক কর্পোরেট সংস্কৃতির চাপে হলুদ ট্যাক্সি চালকদের জীবনে নেমে আসা বিপর্যয় এবং একই সঙ্গে পরিবারের ভেতরে সন্তানের ট্রান্সজেন্ডার পরিচয় প্রকাশ—এই দুই সংকট একসাথে হায়দারকে তীব্র মানসিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করায়।
পরিচালক রাজীদ সিজন বলেন—“আইএফএফএম আমাদের চলচ্চিত্র ‘ইলাইজা’ প্রদর্শনের জন্য নির্বাচন করায় আমি অত্যন্ত আনন্দিত। এটি এমন এক মর্যাদাপূর্ণ উৎসব, যা দীর্ঘদিন ধরে ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ‘ইলাইজা’য় আমরা দক্ষিণ এশিয়ার পরিবারের গল্প এবং প্রবাসী কর্মজীবী মানুষের বাস্তবতা তুলে ধরেছি, যেগুলো মূলধারার চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না। আশা করি মেলবোর্নের দক্ষিণ এশীয় প্রবাসীরা এই ছবি উপভোগ করবেন।”
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন এজাজ আলম। তিনি বলেন ,“দীর্ঘ সময় মঞ্চে অভিনয় করলেও ‘ইলাইজা’-ই আমার প্রথম চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়। পরিচালক রাজীদের একাগ্রতা ও আন্তরিকতা আমাকে এই ভূমিকা নিতে অনুপ্রাণিত করেছে। চলচ্চিত্রটির প্রশংসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”
সূত্র:  Richard Kwolek 
Public Relations, Image Maker Films 
New York, NY, USA .