বগুড়ায় সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা ও উদীচী কার্যালয় ভাঙচুরের ঘটনায় যুক্তরাষ্ট্র উদীচীর প্রতিবাদ ও বিচার দাবি
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বগুড়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সহ বগুড়ার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে মৌলবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ ।
বুধবার (১৪ মে) বিকালে শহরের সাতমাথা ও শহীদ খোকন পার্কে‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’এর ব্যানারে একদল যুবক এ হামলা করেছে। দুই দফায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।হামলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে এবং উদীচী ও সমমনা সংগঠনের সাত নেতাকর্মী আহত হন। আহতরা হলেন- বগুড়া সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাওন পাল, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝিলাম, শামীম হোসেন জুয়েল ও আকাশ।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রোধের প্রত্যয় নিয়ে আয়োজিত কর্মসূচিতে এ ধরনের হামলা ও ভাংচুরের ঘটনায় সারা পৃথিবীর মানুষ আজ স্তম্ভিত ও ক্ষুব্ধ।
উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাশের যৌথ বিবৃতিতে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে হামলা ও উদীচীর জেলা কার্যালয় ভাঙচুরের নিন্দা জানিয়ে অবিলম্বে এর সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান ।
এক বিবৃতিতে উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন , বিগত কয়েক মাস যাবৎ একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী মৌলবাদী গোষ্ঠী মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা করা থেকে শুরু করে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, এমন কি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টাও করে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি গ্রহণ করে উদীচীসহ কয়েকটি সংগঠন। বুধবার বিকেলে স্থানীয় সাতমাথা মোড়ে আয়োজিত কর্মসূচি শুরু হওয়ার সাথেসাথেই সেখানে উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় ছাত্রশিবির এবং ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বগুড়ায় উদীচীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালায় হামলাকারীরা। উদীচী কেন্দ্রীয় সংসদ সহ সারা বিশ্বের উদীচীর শাখা সংসদ এসব ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে এর সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে।
উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারো দানে পাওয়া নয়-- ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এগুলো অর্জন করা হয়েছে। কিন্তু স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল আদর্শকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না। অতীতে দেশের যেকোনো সংকটে সারা বিশ্বের উদীচীর কর্মীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে রাস্তায় থেকেছে। তারা আরো বলেন, যত আঘাতই আসুক না কেন,দেশের সার্বভৌমত্ব ও মানুষের স্বার্থবিরোধী যেকোন কর্মকাণ্ডকে উদীচী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিহত করবে, আর ভবিষ্যতে যত আন্দোলন সংগ্রাম এ ভাবেই অব্যাহত রাখবে।
ক্ল্যারা রোজারিও
সভাপতি
ও
কল্লোল দাশ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,
যুক্তরাষ্ট্র সংসদ,যুক্তরাষ্ট্র।



















