নিউইয়র্কে এমটিএ হিন্দু পরিবারের বর্ণাঢ্য বর্ষবরণ—গান, কবিতা ও নৃত্যে প্রাণবন্ত বৈশাখী আনন্দোৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে প্রবাসের মাটিতে এক বর্ণিল আয়োজনের সাক্ষী হলো নিউইয়র্ক। গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার নিউইয়র্কের এমটিএ হিন্দু পরিবার বৃন্দের উদ্যোগে সান্তুর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জমকালো বর্ষবরণ ও বৈশাখী আনন্দ উৎসব।
প্রাণবন্ত এই আয়োজনে সভাপতিত্বের আবহে সমকণ্ঠের বার্তা সম্পাদক দীপক দাসের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। শুরুতেই বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকদের সম্মিলিত অংশগ্রহণে প্রবাসে বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্জুন কর্মকার, নিউইয়র্কের নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমী রায় ,অরুণ দাসগুপ্তা, কল্লোল দাসগুপ্তা, সুজন সাহা, গৌতম সাহা, দীপক দাস, বিপ্লব রায়, উজ্জ্বল শীল, রতন দাস, সৈকত দাস, সুভাষ বরাল, তপন দাস এবং বিশেষ সহযোগিতা করেন নাগা থিপান।
সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী ও এমটিএ পরিবারের সদস্য কৃষ্ণা তিথি এবং কাঞ্চন দাস তাঁদের সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উৎসবের শেষ পর্বে আয়োজকরা উপস্থিত সকল এমটিএ সদস্য ও তাঁদের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন যেন বাঙালির শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীর বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।



















