Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দীরে বাৎসরিক নামসংকীর্তন—ভক্তির সুরে শান্তি, মানবকল্যাণের প্রার্থনা

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দীরে বাৎসরিক নামসংকীর্তন—ভক্তির সুরে শান্তি, মানবকল্যাণের প্রার্থনা

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দীরে বাৎসরিক নামসংকীর্তন—ভক্তির সুরে শান্তি, মানবকল্যাণের প্রার্থনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চেতনা ও ভক্তিভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে গত ১৯ এপ্রিল ২০২৬, রবিবার নিউইয়র্কের ঐতিহ্যবাহী বাংলাদেশ হিন্দু মন্দীরে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক নামসংকীর্তন। এ আয়োজনকে কেন্দ্র করে শতশত ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র ও উৎসবমুখর মিলনমেলায়।


দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের নামগানে মুখরিত ছিল পুরো পরিবেশ। নিউইয়র্কের বিভিন্ন মন্দির থেকে আগত কীর্তন দলসমূহ একে একে সুমধুর কীর্তন পরিবেশন করে ভক্তদের আবেগাপ্লুত করে তোলে। বিশেষভাবে বাংলাদেশ হিন্দু মন্দিরের নিজস্ব কীর্তন দল, কামনা কর্মকারের পরিচালনায়, মনোমুগ্ধকর নামসংকীর্তন পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।


অনুষ্ঠানজুড়ে ভক্তদের জন্য সুস্বাদু প্রসাদের আয়োজন ছিল অন্যতম আকর্ষণ, যা ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।


মন্দিরের পুরোহিত শংকর পারিয়াল তার বক্তব্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ, গ্রহণ ও প্রচার মানুষের জীবনে নৈতিকতা ও ধর্মীয় চেতনাকে জাগ্রত করে। তিনি উল্লেখ করেন, “ভগবানের নাম হৃদয়ে ধারণ করলে মন শান্ত থাকে এবং মানুষ অন্যায় ও পাপ থেকে দূরে থাকতে অনুপ্রাণিত হয়।”


আয়োজকরা জানান, এই নামসংকীর্তনের মূল উদ্দেশ্য মানবকল্যাণ, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং সকলের মঙ্গল কামনা। তারা আরও বলেন, আজকের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে প্রবাসে সনাতনীরা তাদের ধর্মীয় চর্চা ও ঐতিহ্য রক্ষায় ক্রমেই সচেতন ও সক্রিয় হয়ে উঠছেন।
বাংলাদেশ হিন্দু মন্দিরের পক্ষ থেকে সকল সনাতনী ভক্তদের নিয়মিত মন্দিরে আগমন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মন্দিরের উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।


ভক্তিমূলক পরিবেশ, সুমধুর কীর্তন এবং ধর্মীয় চেতনায় ভরপুর এ আয়োজন প্রবাসে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।