Logo

অপরাধ    >>   বাংলাদেশের মাধবপুরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

বাংলাদেশের মাধবপুরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

বাংলাদেশের মাধবপুরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভেঙে রেখে পালিয়ে যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করে কিছু না পেয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এই ভাঙচুর চালিয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী রাকেশ রায়। তিনি বলেন, “ধর্মীয় উপাসনালয়ে এমন হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বড় আঘাত। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি।”

স্থানীয় এলাকাবাসী ও ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক সম্প্রীতি রক্ষায় এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সূত্র: মানবকণ্ঠ