রঙের ভাষায় আরোগ্য ও আত্মপরিচয়: সেতারা সোহেলী আহমেদের শিল্পযাত্রা ও পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬
হুমায়ূন কবীর ঢালী:
একুশ ও বাইশ নভেম্বর পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে দুই দিনের বইমেলা হয়ে গেল। আয়োজকদের আমন্ত্রণ পেয়ে শিশুসাহিত্যের একজন সারথি হয়ে আমিও গিয়েছিলাম আপার ডার্বির ‘ঢাকা ক্লাব পার্টি সেন্টার’-এ। ‘বই পড়ুন, জ্ঞান ছড়ান, সমৃদ্ধ সমাজ গড়ুন’—এই মূলমন্ত্রে সাজানো মেলায় পেনসিলভেনিয়া ছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে ছুটে এসেছিলেন পাঠক, লেখক, প্রকাশক ও শিল্পীরা। শব্দের সেতুবন্ধনে গড়ে ওঠা এই মিলনমেলায় বইয়ের পাতা আর পাঠকের চোখের ভাষায় যেন নীরবে কথা বলছিল প্রবাসে বেড়ে ওঠা শেকড়ের টান, স্মৃতির আলো আর নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার এক গভীর আকাঙ্ক্ষা।
বইমেলার দুইদিন বইয়ের ঘ্রাণ ও উৎসবের কোলাহল ছাপিয়ে আমার চোখ ও মন বারবার আটকে গিয়েছিল মেলার এক কোণের ছোট্ট একটি চিত্র প্রদর্শনীতে। সাহিত্যের শব্দ যখন কল্পনার দরজা খুলে দেয়, তখন দৃশ্যশিল্প সেই কল্পনাকে দেয় রঙ, রেখা ও স্পর্শের বাস্তব রূপ। ক্যানভাসগুলোর সামনে গিয়ে দাঁড়ালেই যেন থেমে যেত চারপাশের শব্দ; মনে হতো বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো নীরব কবিতা রঙের ছাঁটে জীবন্ত হয়ে উঠেছে। ছবিগুলো এঁকেছেন সেতারা সোহেলী আহমেদ—একজন নিষ্ঠাবান চিত্রশিল্পী ও শিক্ষক।
সেতারা সোহেলী আহমেদ সমসাময়িক চিত্রশিল্পী, যিনি পেনসিলভেনিয়ায় বসবাস ও কাজ করেন। শৈশবে বেসরকারি আর্ট স্কুলে তাঁর চারুকলার হাতেখড়ি হয়েছিল, আর শিশুশিল্পী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছিলেন ৪০টিরও বেশি পুরস্কার। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি; চিত্রকলা ছিল তাঁর প্রধান বিষয়।
২০১০ সালে স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নতুন দেশে সংসার ও জীবনের শুরুতে কিছুদিন শিল্পচর্চায় বিরতি পড়ে—কিন্তু জীবনের এক অপ্রত্যাশিত ও কঠিন বাঁক তাঁকে আবার রঙ ও তুলির কাছে ফিরিয়ে আনে।
দ্বিতীয় সন্তানের জন্মের পরপরই সেতারার জীবনে নেমে আসে বড় বিপর্যয়—দুবার হার্ট অ্যাটাক হয়, ওপেন হার্ট সার্জারিসহ একাধিক অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পরও স্বাভাবিকতা ফেরেনি; দীর্ঘ পাঁচ বছর তাঁকে শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে লড়তে হয়েছে। এমন সময়ও এসেছে, যখন চিকিৎসকেরা স্পষ্ট সমাধান দিতে পারেননি, আর বেশিক্ষণ বসে থাকা কিংবা মানুষের সঙ্গে কথা বলার শক্তিটুকুও ছিল না।
ঠিক সেই অন্ধকার সময়েই নিজের ভেতর এক প্রশ্ন জাগে—স্বল্প সময়ের মধ্যে জীবন শেষ হয়ে গেলে নিজের কর্মের কী ব্যাখ্যা দেবেন? সেই উপলব্ধি থেকেই আবার তুলি ধরেন সেতারা। তাঁর নিজের কথায়, প্রায় সব চিত্রকর্মই তাঁর নিজের জীবনের গল্প—জীবনের ঘটনা, নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, ভাবনা, জীবনদর্শন ও স্বপ্নের প্রকাশ।
তীব্র অসুস্থতার দিনগুলোতে যখন দীর্ঘ সময় বসা বা কথা বলা কষ্টকর ছিল, তখন তিনি মাত্র ৫ থেকে ১০ মিনিট ছবি আঁকতেন, শুয়ে বিশ্রাম নিতেন এবং এক-দুই ঘণ্টা পর আবার শুরু করতেন। ক্ষুদ্র ক্ষুদ্র সেই সময়ের ছবি আঁকাই হয়ে ওঠে তাঁর মানসিক আনন্দ ও আরোগ্যের থেরাপি, যা তাঁকে ধীরে ধীরে সেরে উঠতে বড় শক্তি জুগিয়েছে। শিল্পীর কাছে ক্যানভাস তখন কেবল রঙ লেপনের জায়গা ছিল না; ছিল নিঃশ্বাস নেওয়ার পরিসর, যেখানে ভাঙনের ভেতরও গড়ে ওঠে টিকে থাকার নিজস্ব ব্যাকরণ।
