Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে ‘দ্য প্রবাসী’র আয়োজনে লেখক-সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসী সাংবাদিকতা নিয়ে সরব আলোচনা

নিউইয়র্কে ‘দ্য প্রবাসী’র আয়োজনে লেখক-সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসী সাংবাদিকতা নিয়ে সরব আলোচনা

নিউইয়র্কে ‘দ্য প্রবাসী’র আয়োজনে লেখক-সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসী সাংবাদিকতা নিয়ে সরব আলোচনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

কানাডা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য প্রবাসী’র আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী লেখক, সম্পাদক, সাংবাদিক, কবি ও বিশিষ্টজনদের এক প্রাণবন্ত মিলনমেলা। বৃষ্টিস্নাত সন্ধ্যায় জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকতা, সাহিত্য-সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় হয়।

গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত এ আড্ডায় নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত বিশিষ্ট লেখক, সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি রাজনীতিবিদ, সমাজকর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনে দীর্ঘদিন পর সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণীজনদের এমন মিলনমেলা উপস্থিত সবার মধ্যে সৃষ্টি করে আন্তরিকতা, সৌহার্দ্য ও স্মৃতিচারণের এক অনন্য আবহ।

‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং বিশিষ্ট সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানটি সফল করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি ও খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী।

মিলনমেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘জাগো প্রহরী’র সম্পাদক ও প্রকাশক ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, সাপ্তাহিক ‘ঠিকানা’র বার্তা প্রধান ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল ‘খবর ডটকম’-এর প্রকাশক, সম্পাদক ও লেখক শিব্বীর আহমেদ, ‘জাগো প্রহরী’র সহকারী সম্পাদক মো. আবুল কাশেম এবং ‘প্রজ্ঞা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন নালন্দা প্রকাশনীর স্বত্বাধিকারী রেদওয়ানুর রহমান জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা আবিদ হোসেন, সমাজসেবক মোহাম্মদ আবীর এবং লেনিন।

মূল আনুষ্ঠানিক আড্ডা শুরু হওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচি ও ব্যস্ততার কারণে ‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করে বিদায় নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ‘বাংলা গেজেট’-এর সম্পাদক লাভলু আনসার, সাপ্তাহিক ‘সন্ধান’ পত্রিকার সম্পাদক সনজীবন সরকার এবং ‘এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কানু দত্ত।

অনুষ্ঠানের শুরুতে ‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিচয়পর্ব ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় বাঙালির চিরচেনা প্রাণখোলা আড্ডা। একপর্যায়ে আলোচনা গড়ায় প্রবাসজীবনের অভিজ্ঞতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক বাস্তবতা, সাংবাদিকতার দায়িত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রসঙ্গে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচকদের বক্তব্যে উঠে আসে গভীর উদ্বেগ ও হতাশা। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর, মবসন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, আইনের অপব্যবহার এবং ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নিরাপত্তা নিয়ে বক্তারা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে মতামত তুলে ধরেন।

আলোচনায় বিশেষভাবে আবেগঘন বক্তব্য রাখেন ‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান। তাঁর বক্তব্যে উঠে আসে মাতৃভূমির প্রতি ভালোবাসা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগ।

তিনি বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, জন্মভূমির প্রতি আমাদের রয়েছে অপরিসীম ভালোবাসা এবং গভীর দায়বদ্ধতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য নেতৃত্বে পরাধীনতার রক্তক্ষয়ী শৃঙ্খল ভেঙে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

মনিরুজ জামান আরও বলেন, ৫ আগস্টের পর স্বাধীন বাংলাদেশের মাটিতে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা ও স্মারক ধ্বংসের ঘটনা ঘটেছে। বীর মুক্তিযোদ্ধাদের অপমান ও হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, চাঁদাবাজি ও নানামুখী হয়রানির কারণে দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন সরকারের সময় কমবেশি উন্নয়ন হয়েছে। তবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে অবকাঠামো, যোগাযোগ ও বিভিন্ন উন্নয়ন খাতে যে অগ্রগতি হয়েছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়নের বহু অর্জন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দেশপ্রেমিক মানুষের মনে গভীর কষ্ট সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সাপ্তাহিক ‘জাগো প্রহরী’র সম্পাদক ও প্রকাশক ড. মাহাবুবুর রহমান তাঁর বক্তব্যে সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশের প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসা এবং অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশে থাকতেই তিনি ‘জাগো প্রহরী’ প্রকাশনা শুরু করেছিলেন। যুক্তরাষ্ট্রে আসার পর কিছুদিন পত্রিকাটির প্রকাশনা বন্ধ থাকলেও পরবর্তী সময়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস এবং শেখ হাসিনার শাসনামলের উন্নয়ন নিয়ে লেখালেখির একটি ক্ষেত্রের প্রয়োজনীয়তা অনুভব করে আবারও পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নেন।

তিনি ‘জাগো প্রহরী’র প্রকাশনা অব্যাহত রাখা এবং পত্রিকার মান আরও উন্নত করতে উপস্থিত সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিশিষ্ট সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর দীর্ঘদিনের লেখালেখি, গবেষণা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি শুরু করার সময় পরিস্থিতি সহজ ছিল না। সে সময় অনেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কলম ধরতে সাহস পেতেন না। কিন্তু নানা প্রতিকূলতা উপেক্ষা করেই তিনি লেখালেখি চালিয়ে গেছেন। তাঁর লেখনীর মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তির ভূমিকা ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানান।

কানাডায় পালিয়ে থাকা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত নূর চৌধুরীর বাসার গেটে জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানানোর অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্ব।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব শাবান মাহমুদ তাঁর বক্তব্যে স্কুলজীবন থেকে শুরু করে ছাত্ররাজনীতি ও সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির পাশাপাশি সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ, পেশাগত জীবনের অভিজ্ঞতা এবং সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে তিনি আলোচনা করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল এবং প্রায় তিন দশকের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলাদেশের ৫ আগস্ট ২০২৪ - পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বর্তমান অস্থিরতা, সন্ত্রাস ও নৈরাজ্য থেকে উত্তরণে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাসী মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অন্যান্য আলোচকরাও নিজ নিজ বক্তব্যে দেশের প্রতি প্রবাসীদের দায়িত্ব, স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, সাংবাদিকতার পেশাগত মর্যাদা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের বক্তব্যে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে—প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা কখনো শেষ হয় না। দেশের কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আড্ডায় সাংবাদিকতা, সাহিত্য, রাজনীতি, ইতিহাস ও প্রবাসজীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। আনুষ্ঠানিক আলোচনা শেষে উপস্থিত সবাই একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। পাশাপাশি স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

নিউইয়র্কের ব্যস্ত প্রবাসজীবনে লেখক, সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনদের এই মিলনমেলা শুধু সৌজন্য সাক্ষাৎ বা আড্ডার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশের ইতিহাস, বর্তমান বাস্তবতা, প্রবাসী সাংবাদিকতার দায়িত্ব এবং মাতৃভূমির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।