Logo

আন্তর্জাতিক    >>   ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বক্তব্য

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বক্তব্য

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বক্তব্য

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

চীন ও রাশিয়া ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দেশ দুটি ইরানকে সহায়তা করলে নিজেদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। সহায়তা দিয়ে থাকলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন মন্তব্যের জবাবে তিনি লেখেন, “তারা যদি সহায়তা করেও থাকে, তা খুবই সীমিত পর্যায়ে। তবে আমি বিশ্বাস করি না যে তারা আদৌ সহায়তা করছে।” তিনি আরও বলেন, দেশ দুটির হারানোর অনেক কিছু আছে এবং তারা সহায়তা করলে যুক্তরাষ্ট্র দ্রুতই তা জানতে পারবে।

এর আগে জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মে মাসে চীনে বৈঠকের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে আশ্বস্ত করেছিলেন যে চীন কোনোভাবেই ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না; চীনা কোম্পানির মাধ্যমেও নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁকে একই ধরনের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চীন বা রাশিয়া এ সংঘাতে জড়ালে তাদের জন্য তা গুরুতর পরিণতি ডেকে আনবে।

এদিকে, মে মাসে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ককে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হতে পারে—এমন স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রশাসন। তবে চীনা প্রতিষ্ঠানগুলো ইরানের সামরিক বাহিনীকে সহায়তা করেছে—এমন অভিযোগ বেইজিং অস্বীকার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও প্রণালিতে নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনা থমকে রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, জাগোনিউজ