সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রজ্ঞা নিউজ নিউজ:
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কেশব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে হামলা চালায়। এ সময় বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি কাচের জানালা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পরপর কয়েকটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন তা দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমরা ঘটনার তদন্ত করছি। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।"
সূত্র: জাগোনিউজ, সমকাল, বিডি২৪লাইভ



















