জেএফকে বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ, এক ঘণ্টা অপেক্ষার পর মিললো বোর্ডিং পাস
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে এক যাত্রীকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মে, ২০২৬) রাতে বাংলাদেশগামী এক যাত্রী এই ভোগান্তির শিকার হন বলে জানা গেছে।
ভুক্তভোগী যাত্রী জানান, তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইট (কিউআর ৭০২)-এ যাত্রার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে জেএফকে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছালে সংশ্লিষ্ট কাউন্টার থেকে তাকে জানানো হয় যে, তার আসন সংরক্ষিত নেই। বিষয়টি শুনে তিনি বিস্ময় প্রকাশ করলে কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে কর্তৃপক্ষ তাকে জানায় যে তার বুকিং বাতিল করা হয়েছে।
পরবর্তীতে এয়ারলাইনসের পক্ষ থেকে তাকে পরদিন টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি তাতে সম্মতি না দিয়ে নিজের নির্ধারিত ফ্লাইটেই ভ্রমণের দাবি জানান।
একপর্যায়ে যাত্রী পুলিশ ডাকবেন বলে জানালে তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে হঠাৎ করেই তাকে বোর্ডিং পাস প্রদান করা হয়, যা পুরো ঘটনাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
এ ধরনের একটি স্বনামধন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের পক্ষ থেকে কেন এমন আচরণ করা হলো—তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমানে উচ্চমূল্যে টিকিট বিক্রির প্রেক্ষাপটে অতিরিক্ত বুকিং বা অন্য কোনো কৌশলের কারণে আগের যাত্রীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের সচেতন থাকা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত।
সূত্র: দর্পণ কবির।


















