নিউইয়র্ক সফরে মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদ উদ জামান — এক সংবেদনশীল সফল মানুষের গল্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি, মডেল গ্রুপের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদ উদ জামান সম্প্রতি সংক্ষিপ্ত সফরে স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে নিউইয়র্কে এসেছেন। সফরের এক পর্যায়ে তিনি ও তার পরিবার সময় কাটান ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারে। তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক দর্পণ কবীর এবং তাঁর পরিবার।
এই সাক্ষাতে মাসুদ উদ জামান ও তার স্ত্রীর অনাড়ম্বর ব্যবহার এবং আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে। সফল শিল্পপতি হওয়া সত্ত্বেও মাসুদ উদ জামান যেন এক অন্যরকম ব্যক্তিত্ব—অহংকারহীন, বিনয়ী এবং হৃদয়বান। প্রবাসী সাংবাদিক দর্পণ কবির বলেন, “মাসুদ ভাইয়ের সঙ্গে প্রথম পরিচয়েই মনে হয়েছে, তিনি যেন এক উপন্যাসের নায়ক। বিত্তের বাইরে চিত্তের যে প্রাচুর্য, তার নিদর্শন মিলেছে এই মানুষটির আচরণে।”
ছোট্ট এক ঘটনা এই উপলব্ধিকে আরও দৃঢ় করে। টাইমস স্কয়ারের ব্যস্ত রাস্তায় হঠাৎ দর্পণ কবিরের গাড়ির লক সিস্টেম জ্যাম হয়ে যায়। এমন পরিস্থিতিতে অধিকাংশ মানুষ হয়তো বিদায় নিয়ে নিজের গন্তব্যে চলে যেতেন। কিন্তু মাসুদ উদ জামান ও তার পরিবার গাড়ি খোলার পুরো সময়টি পাশে থেকে উদ্বেগ ভাগ করে নেন। শুধু তাই নয়, নিরাপদে বাসায় পৌঁছানো পর্যন্ত ফোন করে খোঁজখবরও নিতে থাকেন।
এই সফরে মাসুদ উদ জামান জানিয়েছেন, তিনি আবার নিউইয়র্ক এলে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের সঙ্গে সময় কাটাতে চান। তাদের সঙ্গে বসে এক কাপ চায়ের আড্ডায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এই মানবিক আচরণ ও আন্তরিকতায় তার রাজনৈতিক ভাবনার ইঙ্গিতও পাওয়া গেছে। জানা গেছে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ শহর আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
স্থানীয় ও প্রবাসী অনেকেরই প্রত্যাশা, মাসুদ উদ জামানের মতো একজন দক্ষ, সজ্জন ও মানবিক নেতৃত্ব নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। ব্যবসা, সমাজসেবা ও সাংস্কৃতিক বোধ—এই ত্রয়ী সমন্বয়ে গঠিত একজন উদার ও যোগ্য নেতৃত্ব পেলে উপকৃত হবে নারায়ণগঞ্জের জনগণ। তথ্য ও ছবি: দর্পণ কবীর এর FB .



















