“সনাতন ৯২ বন্ধু পরিবারের” মানবিক কল্যাণ তহবিলের শুভ উদ্বোধন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মহা ধুমধাম ও আনন্দঘন পরিবেশে “সনাতন ৯২ বন্ধু পরিবার”-এর বহুল প্রতীক্ষিত “মানবিক কল্যাণ তহবিল”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও সমবেত কণ্ঠে হরিনাম সংকীর্ত্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাই লাঞ্চ বিরতিতে যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য, এডমিন প্যানেল এবং নীতিনির্ধারণী ফোরামের সদস্যবৃন্দ—অধীর বিশ্বাস, নিখিল চক্রবর্তী, সমর বিট, আশিক রায় ও মুক্তা লোহ। তাঁরা সবাই তাঁদের বক্তব্যে অসুস্থ ও অসহায় বন্ধুদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক সহপাঠীদের এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।
মানবিক কল্যাণ তহবিলের সভাপতি মিঠু রঞ্জন ধর তাঁর বক্তব্যে এই গুরু দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালনের আশ্বাস দেন। সাধারণ সম্পাদক তুষার কান্তি সাহা বলেন, “আমরা সকলে যদি এই মহান কর্মযজ্ঞে যুক্ত হতে পারি, তাহলেই মানবজীবনের সার্থকতা।”
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সনাতনী সহপাঠীরাও অংশগ্রহণ করেন এবং নিজেদেরকে এই উদার, গণতান্ত্রিক বন্ধুত্বের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে গর্ববোধ করেন।
লাঞ্চের পরপরই অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কল্যাণ তহবিলের নামফলক উন্মোচন। দিনব্যাপী এই আয়োজনে ছিল আরও রাফেল ড্র ও বর্ণাঢ্য ফল উৎসব। সমাপ্তি বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য অধীর বিশ্বাস সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
এই মানবিক কল্যাণ তহবিল ভবিষ্যতে অসহায় বন্ধুদের পাশে থেকে একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলেই আশা প্রকাশ করেন আয়োজকরা।



















