সঞ্চিতা উগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে সামনে এসেছে হোয়াটসঅ্যাপ চ্যাট!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলে-এর মৃত্যুর তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অভিনেত্রীর কথিত হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁর মানসিক অস্থিরতা, উদ্বেগ, অনিদ্রা এবং দুঃস্বপ্নের বিষয়গুলো উঠে এসেছে। তবে এসব বার্তার সত্যতা এখনও যাচাই করছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কয়েক মাস আগে থেকেই সঞ্চিতা মানসিকভাবে কঠিন সময় পার করছিলেন। চ্যাটে তিনি ভবিষ্যৎ নিয়ে ভয় ও উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন। একই সঙ্গে নিয়মিত খারাপ স্বপ্ন দেখা এবং ঘুমের সমস্যার কথাও লিখেছিলেন বলে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ওই সময় অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বলেও দাবি করা হচ্ছে।
এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল সহ-অভিনেতা উজ্জ্বল শর্মা-র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, উজ্জ্বলের আচরণের কারণে সঞ্চিতা মানসিক চাপে ছিলেন। এছাড়া অর্থ লেনদেন নিয়ে বিরোধের জের ধরে অপমান ও হুমকির ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।
তবে উজ্জ্বল শর্মা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে সঞ্চিতার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। তিনি দাবি করেন, অভিনেত্রী ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সেজন্য চিকিৎসা সহায়তাও নিচ্ছিলেন।
অন্যদিকে সঞ্চিতার পরিবারও অভিযোগ করেছে, কয়েকজন ব্যক্তি তাঁকে মানসিকভাবে চাপে রেখেছিলেন। পরিবার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসভবন থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা হিসেবে তদন্ত করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর ডিজিটাল যোগাযোগ, হোয়াটসঅ্যাপ বার্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তে কোনো অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।



















