Logo

ইউএসএ নিউজ    >>   সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা: জ্যাকসন হাইটসে যৌথ কর্মসূচিতে বক্তার বক্তব্য ঘিরে বিতর্ক, হিন্দু নেতাকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকির অভিযোগ, দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা: জ্যাকসন হাইটসে যৌথ কর্মসূচিতে বক্তার বক্তব্য ঘিরে বিতর্ক, হিন্দু নেতাকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকির অভিযোগ, দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা: জ্যাকসন হাইটসে যৌথ কর্মসূচিতে বক্তার বক্তব্য ঘিরে বিতর্ক, হিন্দু নেতাকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকির অভিযোগ, দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ২২ নভেম্বর ২০২৬ রোববার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) এবং প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের কয়েকটি সংগঠন যৌথভাবে অংশ নেয়। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে উপস্থিত হন।

সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-সংশ্লিষ্ট বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে তা হৈচৈ, পাল্টাপাল্টি বক্তব্য ও বিশৃঙ্খলায় রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষণা করে। অন্যদিকে ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-এর সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিতাংশু গুহ, স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশীল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক ,  মঞ্জুর চৌধুরী, বিদ্যুৎ সরকার, সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দিলীপ কে. নাথ, জয়দেব কুমার গায়েন, জামাল হোসেন, দীনেশ মজুমদার, জাহিদুল হক, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্লা, শাহ বখতিয়ার হোসেনসহ অনেকে।

সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-এর বক্তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও মৌলবাদী শক্তির উত্থানের প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। ১৯৭৫ সালের পর থেকে বিভিন্ন সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তবে সমাবেশের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে জয়দেব কুমার গায়েনের বক্তব্যের পর। তিনি বলেন, বাংলাদেশে অনেকের মধ্যে এমন ধারণা রয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের সমর্থক। এ অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আরও রাজনৈতিকভাবে চিহ্নিত হয়ে হামলা ও নির্যাতনের ঝুঁকিতে পড়তে পারেন। সে কারণে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের সঙ্গে যৌথ কর্মসূচি আয়োজন না করাই ভালো হতো বলে তিনি মত প্রকাশ করেন।

তার এ বক্তব্যে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এ সময় কয়েকজন নেতা জয়দেব গায়েনকে বিএনপির দালাল আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাকে জুতা দিয়ে পেটানোর কথাও চিৎকার করে বলা হয় বলে অভিযোগ উঠেছে। বক্তব্য চলাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য শোনা যায়। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটিকে কেন্দ্র করে উপস্থিত অনেকের মধ্যে প্রশ্ন দেখা দেয়—বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে ভিন্নমত প্রকাশের কারণে একজন হিন্দু নেতাকে কেন ব্যক্তিগত আক্রমণ ও অপমানের মুখে পড়তে হবে? জয়দেব গায়েনের বক্তব্যের মূল বিষয় ছিল, আওয়ামী লীগের সঙ্গে যৌথ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় রাজনৈতিকভাবে চিহ্নিত হয়ে নতুন করে আক্রমণের শিকার হতে পারে—এমন আশঙ্কা।

সমাবেশে উপস্থিত কয়েকজনের মতে, সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু সেই মতের জবাব হওয়া উচিত যুক্তি ও আলোচনার মাধ্যমে। গালিগালাজ, হুমকি কিংবা ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে যে কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ, সেখানে নিজেদের মধ্যেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশে বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। বক্তারা অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত থাকলে প্রবাস থেকেই সরকারবিরোধী আন্দোলন জোরদার করা হবে। তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সংসদ নির্বাচনের দাবিও জানান।

নিউইয়র্কের এই প্রতিবাদ সমাবেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবাসী বাংলাদেশি সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, পারস্পরিক সহযোগিতা এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেকের প্রশ্ন, রাজনৈতিক সংকট কিংবা আওয়ামী লীগের দুর্দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি তাদের পাশে দাঁড়ান, তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপদের সময় রাজনৈতিক নেতাদের কতজন আন্তরিকভাবে তাদের পাশে দাঁড়ান? সংখ্যালঘুদের নিরাপত্তা কি কোনো রাজনৈতিক দলের স্বার্থের সঙ্গে যুক্ত থাকবে, নাকি এটি হবে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব?

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমন বিভক্তি, উত্তেজনা ও একজন বক্তাকে অপমান করার অভিযোগ নিঃসন্দেহে হতাশাজনক। সংখ্যালঘুদের অধিকার রক্ষার আন্দোলনকে রাজনৈতিক বিভাজন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার পাশাপাশি পারস্পরিক সম্মান, ঐক্য এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন প্রবাসীরা।