বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিউইয়র্কে: ইউনিটি কাউন্সিল, ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা, প্যানেল আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত; ১৮ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণে গভীর শ্রদ্ধা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জোরালো দাবি এবং প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ (ইউনিটি কাউন্সিল, ইউএসএ)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬, বিশেষ প্যানেল আলোচনা, গুণীজন সংবর্ধনা ও স্মরণসভা। অনুষ্ঠানে বাংলাদেশের সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় দেশে-বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলন এবং আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় নিউইয়র্কের ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স সিনিয়র সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, কর্মকর্তা, পরিচালক, উপদেষ্টা, ট্রাস্টি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনায় গত ৩ অক্টোবর ২০২৬ প্রয়াত কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর জন্ম ৩১ মার্চ ১৯৪৯। স্মরণসভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
স্মৃতিচারণ ও আলোচনায় বক্তব্য রাখেন কলামিস্ট শিতাংশু গুহ , বরুণ দেব মিত্র, রূপ কুমার ভৌমিক, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, প্রদীপ মালাকার ও রোজালিন কস্তা। এ সময় কবিতা আবৃত্তির মাধ্যমে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আবৃত্তি শিল্পী অসীম সাহা।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সভায় তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বা রেজল্যুশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বাংলাদেশের সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ প্যানেল আলোচনা। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক সব্যসাচী ঘোষ দস্তিদার, রোজালিন কস্তা, শিতাংশু গুহ, ড. দিলীপ নাথ, উচি মং চৌধুরী, চন্দনা চাকমা ও অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত।
প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, মানবাধিকার পরিস্থিতি, ধর্মীয় ও জাতিগত বৈষম্য এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে তাঁদের উদ্বেগ ও মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সংহতি জোরদার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কমিউনিটি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের মধ্যে ১১ জন নিউইয়র্কের এবং সাতজন অন্যান্য অঙ্গরাজ্যের বিশিষ্ট ব্যক্তি। নিউইয়র্কে সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য, সুশীল কে. সাহা, ডা. ভোলানাথ বণিক, ডা. প্রদীপ পাল, অধ্যাপক ড. সব্যসাচী ঘোষ দস্তিদার, ডা. টমাস দুলু রায়, বি. ডি. মিত্র (বরুণ দেব মিত্র), রোজালিন কস্তা, ড. জিতেন রায় ও বিশ্বজিৎ চক্রবর্তী।
সম্মাননা প্রদানকালে আয়োজকরা বলেন, সমাজ ও কমিউনিটির কল্যাণে নিবেদিত ব্যক্তিদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও আমন্ত্রণের দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, সদস্যসচিব চন্দন সেনগুপ্ত, সভাপতি ডা. টমাস দুলু রায়, ড. দ্বিজেন ভট্টাচার্য, রণবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক বিষ্ণু গোপ এবং প্রচার সম্পাদক পিয়াস দাস সুমন।
সভায় আরও উপস্থিত ছিলেন অবিনাশ কে. আচার্য, শচী ঘোষ দস্তিদার, চঞ্চনা চাকমা, সুশীল কে. সাহা, ডা. ভোলা এন. বণিক, সুশীল সিনহা, বি. ডি. মিত্র (বরুণ দেব মিত্র), সুবর্ণা সেনগুপ্ত, নির্মল পাল, শ্যামশ্রী বড়ুয়া, নয়ন চৌধুরী, অনুরাধা বড়ুয়া, রূপালী দাস, অর্চক রঞ্জন, শিবতোষ চক্রবর্তী, কালী চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, বিধায়ক ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, হৈমবতী ভট্টাচার্য, প্রদীপ দে (কুমার দে), লক্ষ্মণ মজুমদার, প্রদীপ কুমার ভৌমিক, দীনেশ মজুমদার, রামদাস ঘরামী, বিকাশ বড়ুয়া, মৈত্রীসেন বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া অভি, লা থোয়াই মারমা, দীপক কুমার আচার্য, মৌমিতা আচার্য, বিপ্লব পাল, নিতাই সি. পাল, সৌমিক চৌধুরী (পল), কাঞ্চন চ্যাটার্জি, পার্থ তালুকদার, পি. কে. চক্রবর্তী (ধ্রুব), সনাতন ঘোষ, রাজেশ রায়, সঞ্জিত ঘোষ, প্রসেনজিৎ বড়ুয়া, শুক্লব কান্তি বড়ুয়া, পরেশ সাহা, শাওন বড়ুয়া, বিশ্বজিৎ সাহা ও এডওয়ার্ড হালসানাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা, আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সুর-লহরির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত ইউনিটি কাউন্সিল, ইউএসএ’র এ বার্ষিক সাধারণ সভা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে।



















