Logo

ইউএসএ নিউজ    >>   ১২ লাখ ডলারের অননুমোদিত ঋণ পরিশোধের দাবি, হেলাল খানের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ: প্রমিসরি নোটে ১০ লাখ ৫০০ ডলারের দেনা স্বীকারের তথ্য, আট বিনিয়োগকারীর অর্থ ফেরতে ১৬ জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা নির্ধারণ

১২ লাখ ডলারের অননুমোদিত ঋণ পরিশোধের দাবি, হেলাল খানের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ: প্রমিসরি নোটে ১০ লাখ ৫০০ ডলারের দেনা স্বীকারের তথ্য, আট বিনিয়োগকারীর অর্থ ফেরতে ১৬ জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা নির্ধারণ

১২ লাখ ডলারের অননুমোদিত ঋণ পরিশোধের দাবি, হেলাল খানের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ: প্রমিসরি নোটে ১০ লাখ ৫০০ ডলারের দেনা স্বীকারের তথ্য, আট বিনিয়োগকারীর অর্থ ফেরতে ১৬ জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা নির্ধারণ

হুমায়ূন কবীর ঢালী, প্রজ্ঞা নিউজ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক হোম কেয়ার প্রতিষ্ঠান ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের (1st Aide Home Care, Inc.) অংশীদার ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া বিপুল অঙ্কের ঋণ গ্রহণের অভিযোগ উঠেছে হেলাল খানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে সম্পাদিত একটি প্রমিসরি নোটে (Promissory Note) ঋণ গ্রহণ, অর্থ পরিশোধের দায় এবং চুক্তি ভঙ্গের ক্ষেত্রে সম্ভাব্য আইনি ও আর্থিক ব্যবস্থার বিস্তারিত উল্লেখ রয়েছে।

প্রমিসরি নোটের তথ্য অনুযায়ী, হেলাল খান প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্যান্য অংশীদার ও বিনিয়োগকারীদের সম্মতি এবং প্রয়োজনীয় কর্পোরেট অনুমোদন ছাড়াই কোম্পানির নামে দুটি বড় অঙ্কের ক্যাশ অ্যাডভান্স বা ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নথিতে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট লিবের্টাস ফান্ডিং এলএলসি (Libertas Funding, LLC) থেকে ৭ লাখ ৪২ হাজার ৫০০ ডলার এবং একই বছরের ২৪ সেপ্টেম্বর স্যামসন এমসিএ এলএলসি (Samson MCA LLC) থেকে ৫ লাখ ডলার গ্রহণ করা হয়। দুটি ঋণের মোট পরিমাণ দাঁড়ায় ১২ লাখ ৪২ হাজার ৫০০ ডলার।

অভিযোগ অনুযায়ী, ঋণের অর্থ প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজে যথাযথভাবে ব্যবহার না করে ব্যক্তিগত প্রয়োজনে সরিয়ে নেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটির অন্য অংশীদার ও বিনিয়োগকারীরা আর্থিক দায় ও ক্ষতির মুখে পড়েন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, অননুমোদিত ঋণের দায় থেকে প্রতিষ্ঠানকে মুক্ত করা এবং সংশ্লিষ্ট ঋণগুলো নিষ্পত্তির লক্ষ্যে আটজন অংশীদার ও বিনিয়োগকারী যৌথভাবে ১২ লাখ ডলার পরিশোধ করেন। তাঁরা হলেন তসমিয়া এফ. আহমেদ, আতিকুল ইসলাম, নাহিদ আহমেদ, ফাহাদ আর. সোলায়মান, শাহ জে. চৌধুরী, রুকন হাকিম, মোহাম্মদ রেজু এবং মোহাম্মদ আল আমিন মিয়ান।

পরবর্তীতে বিনিয়োগকারীদের পরিশোধ করা অর্থ ফেরত পাওয়ার লক্ষ্যে হেলাল খানের সঙ্গে একটি আর্থিক সমঝোতা ও ঋণসংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। স্টক পারচেজ অ্যাগ্রিমেন্ট (SPA) বা শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তির অধীনে কোম্পানির বিক্রয়লব্ধ অর্থে হেলাল খানের আনুপাতিক অংশের অধিকার পাওনাদারদের অনুকূলে হস্তান্তরের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়। নথি অনুযায়ী, সব হিসাব ও সমঝোতার ভিত্তিতে হেলাল খানের ওপর চূড়ান্ত ঋণের পরিমাণ নির্ধারণ করা হয় ১০ লাখ ৫০০ ডলার।

চুক্তির শর্ত অনুযায়ী, হেলাল খান ২০২৫ সালের ১৬ জুনের মধ্যে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পাওনাদারদের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বকেয়া অর্থের ওপর বার্ষিক ১০ শতাংশ হারে সুদ বা বিলম্বজনিত অর্থ আরোপের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে পাওনাদাররা পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ বকেয়া অর্থ এককালীন দাবি করতে পারবেন বলে নথিতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে দেনাদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব এবং ভবিষ্যৎ আয়ের ওপর আইনানুগ পাওনা আদায়ের ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষিত রাখার কথাও বলা হয়েছে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্তে বলা হয়েছে, হেলাল খান ভবিষ্যতে ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের নাম, লোগো, কর্পোরেট তথ্য কিংবা প্রতিষ্ঠানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। এ ধরনের ব্যবহার চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে দলিলে উল্লেখ রয়েছে।

নথিটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী পরিচালিত হবে এবং এ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কুইন্স কাউন্টির আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়েছে। প্রমিসরি নোটে নোটারি পাবলিক ন্যাটালি গুরিনের উপস্থিতিতে হেলাল খানের স্বাক্ষর থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে। নথিতে তাঁর স্বাক্ষরকে সংশ্লিষ্ট আর্থিক দায় স্বীকারের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সব মিলিয়ে ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের আর্থিক লেনদেন, অনুমোদনবিহীন ঋণ গ্রহণ এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি এখন গুরুতর আর্থিক ও আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ১২ লাখ ডলার পরিশোধের পরও কেন ১০ লাখ ৫০০ ডলারের চূড়ান্ত দেনা নির্ধারণ করা হয়েছে, সেই হিসাবের বিস্তারিত ব্যাখ্যা এবং অর্থ পরিশোধের বর্তমান অবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, অর্থ লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং চুক্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ্যে আসা জরুরি। অভিযোগগুলোর নিরপেক্ষ আইনি পর্যালোচনা এবং বিনিয়োগকারীদের পাওনা আদায়ের বিষয়টি নিশ্চিত করার দাবি উঠেছে।