মে দিবসের তাৎপর্য : প্রেক্ষিত বাংলাদেশ
প্রাইমা হোসেন:
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় প্রতীক হলো মহান মে দিবস। প্রতি বছরের ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মারক নয়; বরং এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার, মর্যাদা এবং সামাজিক ন্যায়ের এক চিরন্তন প্রতীক। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দিবসটি গভীর শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।
মে দিবসের ইতিহাস আমাদের নিয়ে যায় ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। সে সময় শ্রমিকদের দৈনিক ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো, যা ছিল মানবিক মর্যাদার পরিপন্থী। এর প্রতিবাদে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামে। ১ মে শুরু হওয়া সেই আন্দোলন ৪ মে ‘হে মার্কেট’ চত্বরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যেখানে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। এই আত্মত্যাগই পরবর্তীতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে এবং বিশ্বজুড়ে ১ মে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়।
তবে শ্রমিক আন্দোলনের সূচনা আরও আগে। ১৮৫৬ সালের ২১ এপ্রিল অস্ট্রেলিয়ার শ্রমিকরা প্রথমবারের মতো সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে। দীর্ঘ ১৪-১৬ ঘণ্টার কর্মঘণ্টা একজন শ্রমিকের জীবনে বিশ্রাম, বিনোদন কিংবা পারিবারিক সময়ের কোনো সুযোগই রাখত না। অস্ট্রেলিয়ার সেই ঐতিহাসিক আন্দোলন বিশ্ববাসীকে দেখিয়ে দেয়—ঐক্যবদ্ধ শ্রমিক শক্তি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।
শিকাগোর আন্দোলন ছিল সেই ধারাবাহিকতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়। সে সময় যুক্তরাষ্ট্রে সক্রিয় তিনটি বড় শ্রমিক সংগঠন সম্মিলিতভাবে ১৮৮৬ সালের ১ মে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। তাদের স্লোগান ছিল—“৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা বিনোদন।”
৩ মে ম্যাককরমিক কারখানার সামনে ধর্মঘট চলাকালে শ্রমিক নেতা অগাস্ট স্পাইস শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন এবং অনেকে আহত হন। এর প্রতিবাদে ৪ মে হে-মার্কেট চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেদিন মুষলধারে বৃষ্টির মধ্যেও শ্রমিকরা তাদের দাবি নিয়ে অবস্থান করেন। রাত গভীর হলে পুলিশ সভা ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। ঠিক সেই সময় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর পুলিশ এলোপাথাড়ি গুলি চালালে বহু শ্রমিক ও পুলিশ সদস্য হতাহত হন।
এই ঘটনার পর কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আটজন শ্রমিক নেতাকে গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে অগাস্ট স্পাইস, আলবার্ট পারসনস, অ্যাডলফ ফিশার ও জর্জ এঞ্জেলকে ১৮৮৭ সালের ১১ নভেম্বর ফাঁসি দেওয়া হয়। লুই লিং মৃত্যুদণ্ড কার্যকরের আগেই কারাগারে আত্মাহুতি দেন। অন্যদের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে ১৮৯৩ সালে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জন পিটার অল্টগেল্ড স্বীকার করেন যে, দণ্ডপ্রাপ্ত শ্রমিকরা নির্দোষ ছিলেন এবং জীবিতদের মুক্তি দেন। এই স্বীকৃতি প্রমাণ করে—শ্রমিকদের রক্তদানের ইতিহাস কেবল দমন-পীড়নের নয়, ন্যায়বিচারেরও এক দীর্ঘ সংগ্রাম।
বাংলাদেশের প্রেক্ষাপটে মে দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর। একটি শ্রমনির্ভর অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, নির্মাণ খাত, কৃষি ও প্রবাসী শ্রমিকদের অবদান দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তবুও শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে।
মে দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—শ্রমিকদের অধিকার কোনো দয়া নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অতএব, মে দিবস কেবল একটি দিবস নয়; এটি সংগ্রামের, আত্মত্যাগের এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক। শিকাগোর সেই রক্তাক্ত ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই এই দিবসের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হতে পারে।



















