মে দিবসে শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকায় নির্ধারণের দাবি—বাংলাদেশ গণমুক্তি পার্টি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি) শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোরালো দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এক বিবৃতিতে দলের সভাপতি এম এ আলীম সরকার দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৮৮৬ সালের Haymarket Affair-এ শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ের এক অনন্য প্রতীক। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের অধিকার অর্জন করেছে।
তবে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে এখনও বহু শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অনিরাপদ পরিবেশে কাজ করা, স্বল্প মজুরি এবং মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম—এসব বাস্তবতা এখনো বিদ্যমান।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গঠনে শ্রমিক শ্রেণির অধিকার নিশ্চিত করা অপরিহার্য। এ প্রেক্ষিতে দলটি সরকারের প্রতি আহ্বান জানায়—শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং একটি মানবিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সোচ্চার থাকবে।
মহান মে দিবসে দলটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন করে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানায়।
বার্তা প্রেরক:
অমুল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)



















