নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলন ঘিরে সুধী সমাবেশ ১ মে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ফোবানা সম্মেলনের ৪০তম আসর। জাতির পিতা শেখ মুজিবুর রহমান-কে উৎসর্গ করে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬—শুক্রবার, শনিবার ও রবিবার—তিন দিনব্যাপী এই সম্মেলন প্রথমবারের মতো বিশেষভাবে আয়োজন করা হচ্ছে।
এই সম্মেলনকে সামনে রেখে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১ মে ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭১-১২, ৩৫ এভিনিউস্থ এআর ব্যাংকুইট হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
“এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ”-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং শিল্পী-কলাকুশলীদের এই সুধী সমাবেশে যোগ দিতে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
৪০তম ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, পাশাপাশি হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু এবং সদস্য সচিব মনজুর কাদের এক যৌথ বিবৃতিতে জানান, আসন্ন ফোবানা সম্মেলনকে সফল ও তাৎপর্যপূর্ণ করতে সবার সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
তারা আশা প্রকাশ করেন, এই সুধী সমাবেশের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর হোস্ট কমিটি গঠন করা সম্ভব হবে, যা সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনকে একটি স্মরণীয় ও সফল আয়োজনে পরিণত করবে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন



















