মোহাম্মদ আব্দুল আজিজ-এর দুটি কবিতা
অতীত স্মৃতি
মোহাম্মদ আব্দুল আজিজ
অতীতের স্মৃতি কি আর কভু ভুলা যায়?
কিছু কিছু স্মৃতি আছে নিরবে কাঁদায়।
মধুর কিছু স্মৃতি আছে যেগুলো স্মরে,
হাসিগানে থাকে মন সারাক্ষণ ভরে।
আবার বেদনার স্মৃতি যখন মনে পড়ে
কান্না হয়ে সেই স্মৃতি শুধুই ঝরে।
তখন অশ্রুধারা যেন নদী বহে যায়।-ঐ
কিছু স্মৃতি মনের মাঝে বাঁধে সুখে ঘর
কিছু কিছু স্মৃতি যেন কাঁদায় জীবনভর।
তবু সুখ-দু:খের স্মৃতি লহে মানুষ বাঁচে
যতদিন জীবন প্রদীপ দেহেতে আছে।
জীবন কাটে যেন স্মৃতির গোলক ধাঁধায়।-ঐ
মন চায়
মন চায় প্রাণ ভরে শুনি মাঝিদের গান,
নদীর কলকল ছলছল মধুর কলতান।
বিজন বনে গাছে গাছে পাখিদের তান,
মেঠোপথে রাখালিয়ার বাঁশি আর বাউলের গান।
মন চায় দু’চোখ ভরে দেখি শাপলার বিল,
দিঘীর জলে পদ্মের হাসি, সূর্যের ঝিলমিল।
মমতায় ফসল বোনে চলে মাঠে পল্লীর চাষী,
মাঠে মাঠে সবুজের সমারোহে কৃষকের হাসি।
সোনা ফলা ফসলের মাঠ আর মাঠভরা ধান।-ঐ
মন চায় আঁকি বসে গাঁয়ের সেই প্রিয় ছবি,
যে ছবিতে রবে নদী নৌকা নীলাকাশে রবি।
না হয় লিখি বাংলায় কোনো কবিতা সদ্য,
নয়তো পড়ি ‘আমাদের ছোট নদী’ রবি ঠাকুরের পদ্য-
“আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।”
যে নদী বাংলার প্রাণে প্রাণে চির বহমান।-ঐ
বাফেলো, নিউ ইয়র্ক


















