Logo

ইউএসএ নিউজ    >>   দ্বন্দ্ব ভুলে অ্যানথ্রোপিকের সিইও আমোদেইকে নৈশভোজে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

দ্বন্দ্ব ভুলে অ্যানথ্রোপিকের সিইও আমোদেইকে নৈশভোজে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

দ্বন্দ্ব ভুলে অ্যানথ্রোপিকের সিইও আমোদেইকে নৈশভোজে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের নীতি নিয়ে টানাপোড়েনের মধ্যেই অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) দারিও আমোদেইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সময় সাংবাদিকদের এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে ট্রাম্প জানান, রাত ১০টার দিকে আমোদেইর সঙ্গে তার নৈশভোজের পরিকল্পনা রয়েছে। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন সামরিক ক্ষেত্রে AI ব্যবহারের সীমা ও নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসন এবং অ্যানথ্রোপিকের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরোধ তীব্র হয়। ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যানথ্রোপিকের প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেন। এর আগে আমোদেই কোম্পানির AI প্রযুক্তি ব্যাপক নজরদারি বা স্বয়ংক্রিয় সশস্ত্র ড্রোন ব্যবস্থায় ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে নৈশভোজের মাত্র দুই দিন আগে, শুক্রবার একটি ফেডারেল আপিল আদালত অ্যানথ্রোপিকের করা চ্যালেঞ্জ খারিজ করে দেয়। এর ফলে প্রতিরক্ষা দপ্তর তাদের সিস্টেম থেকে অ্যানথ্রোপিকের Claude মডেল সরিয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। 

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প AI প্রযুক্তির দ্রুত অগ্রগতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীনের চেয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখার ওপর জোর দিয়ে থাকেন। বিপরীতে, আমোদেই চলতি মাসে AI শিল্পের দ্রুত উন্নয়নের গতি কিছুটা কমিয়ে নিরাপত্তাব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান।

আমোদেই সতর্ক করেছেন, উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা না হলে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে AI-চালিত এজেন্টদের একটি সমন্বিত দল পুরো ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা অর্জন করতে পারে। তার এই মন্তব্য AI নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের উদ্বেগকে আরও সামনে এনেছে।

এদিকে AI নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রভাব OpenAI-এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির CEO স্যাম অল্টম্যান Fortune-কে বলেছেন, নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতির কারণে ২০২৬ সালে IPO করা উপযুক্ত সময় নয় এবং প্রতিষ্ঠানটি আগামী বছর পর্যন্ত বাজারে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

নৈশভোজটি তাই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং AI নিরাপত্তা, সামরিক ব্যবহারে প্রযুক্তির সীমা এবং যুক্তরাষ্ট্রের AI নীতিকে ঘিরে চলমান আলোচনার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবেও নজর কেড়েছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), জাগোনিউজ