মননশীলতার অভাবে আমেরিকায় বাড়ছে সহিংসতা: বোস্টনে ড. ভিক্ষু বোধির বক্তব্য
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্ট (WFBB)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার ৩১ আগস্ট ২০২৫ যুক্তরাষ্ট্রের বোস্টনের কেমব্রিজ শহরের দি ফাউন্ডরী মিলনায়তনে বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও গ্লোবাল বুড্ডিস্ট রিলিফ-এর চেয়ারম্যান ড. ভিক্ষু বোধি।
তিনি বলেন, মানুষের জীবনে মননশীলতা চর্চার অভাবই সহিংসতা বৃদ্ধির প্রধান কারণ, মনকে সুরক্ষিত না রাখলে রাগ, হিংসা ও লোভ মনে বাসা বাঁধে এবং তা রোগ, অশান্তি ও নানা বিপত্তির জন্ম দেয়, তাই দেহ-মনের শান্তি রক্ষায় ধ্যান ও মাইন্ডফুলনেস অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্ভার্ড স্কলার ও আটলান্টা ইউনিভার্সিটির চাপ্লেইন ভিক্ষু প্রিয় রক্ষিত, সঞ্চালনা করেন WFBB-এর মহাসচিব সুহাস বড়ুয়া।
“নিউরোসায়েন্স অফ মেডিটেশন” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডা. সৌমিত্র বড়ুয়া। তিনি বলেন, ধ্যান মানুষের নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের অভিযোজনক্ষমতাকে বৃদ্ধি করে, সাধকদের মস্তিষ্কে এ ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় বিস্তৃত থাকে, নিয়মিত ধ্যান আলঝেইমার, হতাশা ও উদ্বেগ থেকে মানুষকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখে। তাঁর বৈজ্ঞানিক উপস্থাপনা শ্রোতাদের
প্রশংসা কুডায় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক তরুণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রণবীর বড়ুয়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শিমুল বড়ুয়া এবং বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সুতপা বড়ুয়া। প্রধান অতিথির পরিচিতি উপস্থাপন করেন সাংস্কৃতিক শিল্পী রিমা কামাল, পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতিকণা বড়ুয়া।
দিনব্যাপী আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণদের সরাসরি ও ভার্চুয়াল অংশগ্রহণে সংগীত পরিবেশনা এবং বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়। এতে অংশ নেন ওমান থেকে রৌদ্র বড়ুয়া, ইতালির ভেনিস থেকে অরিত্রী বড়ুয়া, কানাডার টরন্টো থেকে তনয় বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে সৃষ্টি বড়ুয়া এবং বোস্টন থেকে সুস্মিত বড়ুয়া, প্রাঙ্গণ বড়ুয়া, নোয়েল বড়ুয়া ও অ্যাপোলো বড়ুয়া। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী ও চিকিৎসক ডা. রুবাইনা জামান, মুক্তা এবং জুয়েল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, ভারতীয়-আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ ডা. কৃষাণ চক্রবর্তী, চিকিৎসক ডা. রণেন চ্যাটার্জী, পদার্থবিজ্ঞানী ড. বামুন দাস বসু সহ হার্ভার্ড ও এমআইটির শিক্ষক-শিক্ষার্থী এবং মূলধারার আমেরিকান পেশাজীবীরা।
বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক দিক, আধুনিক বিজ্ঞানের সঙ্গে ধ্যানের সম্পর্ক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে অনুষ্ঠানটি ছিল জ্ঞানগর্ভ, প্রাণবন্ত ও প্রশংসনীয়।



















