কেন যুক্তরাষ্ট্রের বাজার থেকে মুখ ফেরাচ্ছে ভারতের পোশাকশিল্প?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বাড়তি আমদানি শুল্কের প্রভাব সামাল দিতে রপ্তানিবাজারের কৌশল বদলাচ্ছে ভারতের পোশাকশিল্প। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল দেশটির পোশাক প্রস্তুতকারকেরা এখন যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ ও সংযুক্ত আরব আমিরাতসহ নতুন বাজারে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছেন। একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ বাজারেও বিক্রি বাড়ানোর দিকে নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং মুনাফার ওপর চাপই তাদের এই কৌশল পরিবর্তনের অন্যতম কারণ।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে ওরিয়েন্ট ক্রাফটের একটি পোশাক কারখানায় শত শত নারী শ্রমিক কাজ করেন। যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান নেক্সট এবং মার্কস অ্যান্ড স্পেনসারের জন্য সেখানে পোশাক তৈরি হয়। একসময় কারখানাটির উৎপাদিত পোশাকের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো। তবে মার্কিন শুল্ক বৃদ্ধির পর সেই বাজারে রপ্তানি কমিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী সুধীর ধিংরা।
গত বছর যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বেড়ে সর্বোচ্চ ৫০ শতাংশে পৌঁছেছিল। এতে আমেরিকান ঈগল ও গ্যাপের মতো মার্কিন ক্রেতাদের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশে বড় ধরনের প্রভাব পড়ে। বর্তমানে শুল্কের হার কমলেও এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর আগের মতো নির্ভর করতে চান না ধিংরা।
তিনি বলেন, বাণিজ্য চুক্তি হলেও সেটি কত দিন কার্যকর থাকবে, তার নিশ্চয়তা কী? মাথার ওপর সব সময় এমন অনিশ্চয়তার খড়্গ ঝুলতে দেখতে চান না তিনি। ওরিয়েন্ট ক্রাফটের মতো ভারতের আরও অনেক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির গন্তব্য পরিবর্তন করছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ভারতের অবস্থান শক্তিশালী হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে ভারতীয় রপ্তানিকারকদের ঝুঁকিও কমবে।
ধিংরা জানান, ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর মার্কিন ক্রেতাদের অনেকে তাদের ক্রয়াদেশ বাতিল করেন। কেউ কেউ পণ্যের দাম কমানোর দাবি জানান। এমনকি আমদানি শুল্কের ২৫ শতাংশ খরচও সরবরাহকারীদের বহন করতে বলেন তারা। অথচ পোশাক প্রস্তুতকারকদের মুনাফার হার ১০ শতাংশেরও কম।
এরপর ওরিয়েন্ট ক্রাফট যুক্তরাজ্য, ইউরোপ এবং ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ানোর উদ্যোগ নেয়। আগে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮৪ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে তা কমে ১০ শতাংশের নিচে নেমেছে। এখন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি।
ইউরোপের বাজারে ঝুঁকছে পোশাক প্রস্তুতকারকেরা
ভারতের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজার সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটিতে ৫৩ হাজারের বেশি মানুষ কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি বলেন, ইউরোপের বাজারের দিকে ঝোঁকা কোনো সাময়িক পরিবর্তন নয়।
আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির মোট আয়ের ২৫ থেকে ৩০ শতাংশ ইউরোপের বাজার থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ বাজার থেকে তাদের আয় আসে ১৫ থেকে ১৬ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে।
ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, তৈরি পোশাক ও গৃহসজ্জার সামগ্রী রপ্তানি ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে এসব পণ্যের রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে। শিল্প খাতের হিসাব অনুযায়ী, ভারতের মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ২০২২ সালে ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। চলতি বছরের আগস্টের শেষে তা কমে ২৫ দশমিক ৪ শতাংশে নেমেছে।
নতুন বাজারের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা
রপ্তানিকারকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মার্কিন ক্রেতাদের মূল্যছাড়ের চাপ তাদের মুনাফা কমিয়ে দিচ্ছে। ফলে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজার তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
গত জুলাইয়ে কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় পোশাক যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি হলে সেখানে ভারতীয় পোশাকের ওপর বর্তমানে আরোপিত ১২ থেকে ১৭ শতাংশ শুল্ক উঠে যেতে পারে। ভারতের পোশাক রপ্তানি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এ সাকথিভেল বলেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস তাদের প্রধান লক্ষ্যবাজার।
শুধু রপ্তানির গন্তব্য পরিবর্তন নয়, উৎপাদন ব্যয় কমানোর দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
পূর্ব ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচি এত দিন কয়লা ও লৌহ আকরিকের জন্য পরিচিত ছিল। তবে সরকারি ভর্তুকি, সহজে জমি পাওয়ার সুযোগ এবং শিক্ষিত ও নির্ভরযোগ্য শ্রমশক্তির কারণে সেখানে এখন গড়ে উঠছে নতুন নতুন পোশাক কারখানা। রয়টার্স রাঁচি ও আশপাশের তিনটি কারখানা পরিদর্শন করেছে। এসব কারখানায় সব মিলিয়ে প্রায় আট হাজার মানুষ কাজ করেন।
গোকালদাস এক্সপোর্টসের পরিচালনা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সিং বলেন, ভারতের অন্যান্য এলাকার তুলনায় রাঁচিতে তাদের উৎপাদন দক্ষতা অন্তত ১০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির সেখানে দুটি কারখানা রয়েছে। আরও একটি কারখানা চালুর পরিকল্পনা করছে তারা। নতুন কারখানায় সর্বোচ্চ ৪ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হতে পারে। রাঁচিভিত্তিক প্রতিষ্ঠান অবার্ন ডিজাইনের কর্মকর্তা বীরেন্দ্র রাওয়াত বলেন, কোনো একটি বাজার, পণ্য বা ক্রেতার ওপর নির্ভর করে থাকা সম্ভব নয়।
প্রতিষ্ঠানটি ভারতের স্থানীয় লাইসেন্সধারী সংস্থা পেজ ইন্ডাস্ট্রিজের জন্য জকি ব্র্যান্ডের অন্তর্বাস ও পোশাক তৈরি করে। প্রতি মাসে তারা ৫০ থেকে ৬০ লাখ পোশাক উৎপাদন করে, যা ভারত ও প্রতিবেশী দেশগুলোতে বিক্রি হয়।
দেশীয় বাজারও বড় ভরসা
ভারতের নিজস্ব পোশাকের বাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি ডলার। প্রতিবছর এ বাজার ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ছে। ফলে রপ্তানি খাতে অনিশ্চয়তার মধ্যে দেশীয় বাজার পোশাক প্রস্তুতকারকদের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। এ বাজার থেকে তুলনামূলক স্থিতিশীল আয় ও চাহিদা পাওয়া যায়।
ভারতের বস্ত্রশিল্পের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল রপ্তানিকারকদের জন্য বাজার বহুমুখীকরণ এখন দীর্ঘমেয়াদি কৌশলে পরিণত হচ্ছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিশাল বাজার এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে দেশটির বাজার পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু সাম্প্রতিক শুল্ক অস্থিরতার পর আগের মতো যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা ফিরে আসার সম্ভাবনা কম।
সুধীর ধিংরা বলেন, যুক্তরাষ্ট্রের বাজার এখনো গুরুত্বপূর্ণ। তবে তাদের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের ভবিষ্যৎ কোনো একটি দেশের বাজারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায় না। সূত্র: রয়টার্স, জাগোনিউজ



















