Logo

আন্তর্জাতিক    >>   যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র (USS Warrior)। সমুদ্র নিরাপত্তা জোরদার এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে যৌথ মহড়াটি শুরু হবে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

৬৮ মিটার দীর্ঘ মার্কিন যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। এর আগে বন্দরের প্রবেশমুখে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে যুদ্ধজাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।

যৌথ এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সমুদ্রপথের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহড়া শেষে আগামী ৫ নভেম্বর মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। সূত্র: জাগোনিউজ