আমেরিকান কর্মী ও তাঁদের পরিবারকে নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ার নির্দেশ!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে অবস্থানরত অপ্রয়োজনীয় আমেরিকান সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত আমেরিকান দূতাবাস এ নির্দেশ জারি করেছে।
সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। চলমান শত্রুতা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকান দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে অপ্রয়োজনীয় কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোতে হুথিদের হামলার বিষয়টি উল্লেখ করে সতর্ক করা হয়েছে, চলমান শত্রুতা দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে দূতাবাস। প্রয়োজন হলে বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে আমেরিকান নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের এ সতর্কবার্তায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির সম্ভাব্য অবনতি এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা উঠে এসেছে। তবে পরিস্থিতি কতটা বিস্তৃত হতে পারে কিংবা এ সতর্কতা কত দিন বহাল থাকবে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















