Logo

আন্তর্জাতিক    >>   নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের প্রতিবাদে হামলা, গণতন্ত্রের জন্য অশনিসংকেত

নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের প্রতিবাদে হামলা, গণতন্ত্রের জন্য অশনিসংকেত

নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের প্রতিবাদে হামলা, গণতন্ত্রের জন্য অশনিসংকেত

এম এ আলীম সরকার:

প্রজ্ঞা নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রতিবাদে কর্মসূচি পালনকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদসহ বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, দেশের বন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ করার অধিকার রয়েছে। সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের মৌলিক অধিকার। সেই অধিকার প্রয়োগের সময় হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জনগণের সম্পদ ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের যেকোনো সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকদের প্রশ্ন তোলা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। হামলা চালিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তিনি নিউমুরিং টার্মিনাল হস্তান্তরসংক্রান্ত দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকলে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এম এ আলীম সরকার আরও বলেন, ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কোনো ধরনের হামলা বা বাধা দেওয়া চলবে না। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে দমন বা ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না। এ ধরনের বিষয়ে শক্তি প্রয়োগের পরিবর্তে যুক্তি, আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, জনগণের কণ্ঠরোধ করে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। জাতীয় সম্পদ ও জনগণের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিটি গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্যর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।