পুতিনের সঙ্গে শিগগিরই আরেক বৈঠকের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই আরেকটি মুখোমুখি বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামির কাছে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ডোরালে (Trump National Doral) জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিয়ামিতে পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে মস্কো এখনো পুতিনের জি-২০ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিন আরেকটি বৈঠকে বসবেন বলে তিনি মনে করেন। আলাস্কায় তাদের এরই মধ্যে একটি বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠক মিয়ামিতে হবে কি না, তা তিনি জানেন না।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পুতিন ও জেলেনস্কি—দুজনই ইউক্রেন সংঘাতের অবসান দেখতে চান বলে তিনি মনে করেন। তার ভাষায়, এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তিনি। চলতি মাসে জেলেনস্কিও মিয়ামির জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, মস্কো এখনো জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
রাশিয়া দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধানের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়ে আসছে। অন্যদিকে, মস্কোর অভিযোগ—কিয়েভ আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে প্রয়োজনীয় প্রস্তুতি দেখাচ্ছে না। সূত্র: তাস, রয়টার্স, জাগোনিউজ



















