আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা ২০২৬: ব্যবসা ও বাংলাদেশে অবদানের স্বীকৃতি পেলেন ৬ জন বিশিষ্ট ব্যক্তিত্ব
উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ:
ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব, প্রযুক্তি শিক্ষা, বিনিয়োগ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা পেয়েছেন ছয় বিশিষ্ট ব্যক্তি।
BUCCI এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছে। সম্মাননাপ্রাপ্তদের কর্মকাণ্ড ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে অবদান রেখেছে বলে সম্মাননা-সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও তাঁদের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
জনাব সৈয়দ জাকি হোসেন
জনাব সৈয়দ জাকি হোসেন, মডার্ন প্যাকেজিং ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং একজন সমাজসেবী। প্রকৌশল ও উৎপাদন খাতে কয়েক দশকের নেতৃত্বের পাশাপাশি লং আইল্যান্ড ও বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ধারাবাহিক সমাজসেবামূলক বিনিয়োগের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বুয়েট ও পলিটেকনিক ইনস্টিটিউট অব ব্রুকলিনে শিক্ষাপ্রাপ্ত জাকি হোসেন ১৯৮৯ সালে মডার্ন প্যাকেজিং ইনকরপোরেটেড প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি পিডিএফ সিল ইনকরপোরেটেড ও পিনটেইল কফি ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা হন। স্বাস্থ্যসেবা ও শিক্ষা উদ্যোগেও তিনি পৃষ্ঠপোষকতা করেছেন।
জনাব লিয়াকত হোসেন
জনাব লিয়াকত হোসেন, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ঔষধ উদ্ভাবন এবং কয়েক দশকের উৎপাদন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়।
তিনি REVIVIFY®-এর উদ্ভাবক এবং অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেডের নির্বাহী উপ-সভাপতি। প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি তার পেটেন্টকৃত সুপারঅক্সাইড ডিসমিউটেজ (SOD) দ্রবণীয় ফাইবার কম্পোজিশন যুক্তরাষ্ট্র, চীন ও বাংলাদেশে পেটেন্ট অর্জন করেছে।
জনাব আবুবকর হানিপ
জনাব আবুবকর হানিপ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) চেয়ারম্যান ও চ্যান্সেলর এবং পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রযুক্তি শিক্ষায় নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান উন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করা হয়। WUST-এর ‘ডিগ্রি, দক্ষতা ও ক্যারিয়ার’—এই ত্রিমুখী লক্ষ্যকে সামনে রেখে তিনি যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ক্যারিয়ারমুখী প্রযুক্তি শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করেছেন।
জনাব কাজী হেলাল আহমেদ
জনাব কাজী হেলাল আহমেদ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের (IFDC) প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিনিয়োগ ব্যাংকিং ও প্রাইভেট ইকুইটিতে তার বৈশ্বিক নেতৃত্ব এবং উদ্ভাবনী আর্থিক সেবা প্রসারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্কভিত্তিক IFDC একটি বৈশ্বিক বিনিয়োগ ব্যাংকিং ও প্রাইভেট ইকুইটি গ্রুপ। তিনি IFDC ক্যাপিটাল গ্রুপের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিকেন্দ্রীভূত ডিজিটাল ব্যাংক ডিব্যাংক (DBank)-এর সহ-প্রতিষ্ঠাতা।
জনাব গোলাম ফারুক ভূঁইয়া
জনাব গোলাম ফারুক ভূঁইয়া, জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বহুমুখী আন্তর্জাতিক ব্যবসায়িক গোষ্ঠী গড়ে তোলার উদ্যোক্তা সাফল্য এবং বাংলা শিল্প-সংস্কৃতি ও কমিউনিটি সংগঠনের প্রতি অব্যাহত পৃষ্ঠপোষকতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়।
জিএফবি গ্রুপ অব কোম্পানিজের কার্যক্রম সুগন্ধি উৎপাদন, আমদানি-রপ্তানি, পরিবহন ও শিল্প রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর ২০০১ সালে নাইনন কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির সাবেক সভাপতিও ছিলেন।
ডা. আরিফুর রহমান
ডা. আরিফুর রহমান, প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান। বাংলাদেশে গণস্বাস্থ্য, ব্যাংকিং নেতৃত্ব ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মেডিকেল কলেজে শিক্ষাপ্রাপ্ত এই চিকিৎসক সৌদি আরবে কর্মজীবন গড়ে তোলেন। এছাড়া বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ২৩ কোটি সৌদি রিয়াল সংগ্রহ এবং বাংলাদেশের প্রথম সরকার-অনুমোদিত কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাস্তবায়নে ভূমিকা রাখার কথা নথিতে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা, শিল্প ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত।
সম্মাননা-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, এই স্বীকৃতির মাধ্যমে সম্মাননাপ্রাপ্তদের ব্যবসায়িক অর্জন, উৎকর্ষের প্রতি অঙ্গীকার এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানকে সম্মান জানানো হয়েছে।



















