বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টারের ইন্তেকাল—গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ বাংলাদেশ সোসাইটির
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ইলিয়াস আহমেদ মাস্টার বাংলাদেশে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন , ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু । তাঁর মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ইলিয়াস আহমেদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ড। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সোসাইটির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে ইলিয়াস আহমেদ মাস্টার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজ ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ এবং কমিউনিটির সেবায় আন্তরিকতা তাঁকে সবার কাছে একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে পরিচিত করে তুলেছিল। কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সোসাইটি।
শোকবার্তায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ মরহুম ইলিয়াস আহমেদ মাস্টারের রুহের মাগফিরাত কামনা করেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন মরহুমের জীবনের সব ভালো কাজ ও মানবসেবাকে কবুল করেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে মরহুম ইলিয়াস আহমেদ মাস্টারের রুহের মাগফিরাতের জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।



















