Logo

আন্তর্জাতিক    >>   সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: শোক, মরদেহ দ্রুত দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার দাবি

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: শোক, মরদেহ দ্রুত দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার দাবি

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: শোক, মরদেহ দ্রুত দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার দাবি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
সৌদি আরবে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার।

সোমবার, ১০ আগস্ট এক শোকবার্তায় তিনি নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিদেশের মাটিতে কর্মরত ১৬ জন বাংলাদেশির এভাবে মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের আকস্মিক মৃত্যু শুধু স্বজনদের জন্য নয়, সমগ্র জাতির জন্যই গভীর শোকের বিষয়।

এম এ আলীম সরকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে দ্রুত ও পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ, পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

এম এ আলীম সরকার আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করতে হবে। তদন্তের মাধ্যমে কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।