Logo

আন্তর্জাতিক    >>   মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জনে সক্ষম একজন রাষ্ট্রপতির প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার। তিনি মনে করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে দেশে সর্বজনীন গ্রহণযোগ্যতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬ এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একজন রাষ্ট্রপতি প্রয়োজন, যিনি সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠতে পারবেন এবং রাষ্ট্রের সব নাগরিকের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতির পদে তিনি অধিষ্ঠিত হলে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন বলে তিনি মনে করেন।

এম এ আলীম সরকার বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; এটি জাতীয় ঐক্য সুদৃঢ় করা, সাংবিধানিক ভারসাম্য বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক দায়িত্ব। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন একজন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হওয়া উচিত, যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবেন।

এম এ আলীম সরকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করবে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

বার্তা প্রেরক:
অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)