Logo

আন্তর্জাতিক    >>   বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরান

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরান

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সে কারণেই এটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত অ্যামাজন কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত বুধবারও একই ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। তবে সে সময়ও হামলার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি কোনো ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, তাহলে সেসব স্থাপনাকে তারা পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ