শিল্পকলায় আন্তর্জাতিক স্বীকৃতির আরেক মাইলফলক: নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ লাভ করেছেন। শিল্পকলা, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীল কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব মানবতার প্রতীক ও দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গত রবিবার (১৯ জুলাই) বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বাইস কাদিরের হাতে ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।
আবৃত্তিশিল্পী সৌখিন আজিজ ও নারী উদ্যোক্তা সালমা সুলতানা যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, সমাজসেবক এস এম আমান উল্লাহ, ড. মো. মনসুর আলী, মো. হুমায়ুন কবির, অধ্যাপক রোকেয়া বেগম, মাহফুজা শিউলি, ওবায়দা বেগম এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
বক্তারা তাঁদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার ত্যাগ, মানবতা, সাম্য, ন্যায়বিচার ও শান্তির দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাজে তাঁর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথির হাত থেকে ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ গ্রহণ করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির।
সম্মাননা লাভের পর আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী এবং উপস্থিত অতিথিরা শিল্প ও সাহিত্যে তাঁর দীর্ঘদিনের নিরলস সাধনা, সৃজনশীল অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার ভূমিকার জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বার্তা প্রেরক - মাসুদ রানা ।



















