সংসদ সদস্যের (এমপি) আসন কেন ও কখন শূন্য হয়?
সজিব কুমার চয়ন:
বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যের পদ শূন্য হওয়া বা সদস্যপদ বাতিল হওয়ার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এ বিষয়ে সংবিধানের ৬৬, ৬৭, ৭০ এবং ৭১ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে। অর্থাৎ, এসব অনুচ্ছেদে বর্ণিত যেকোনো একটি ঘটনা ঘটলে সংসদ সদস্যের আসন শূন্য হবে।
সংবিধানের ৬৬(২) অনুযায়ী, একজন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বা সদস্যপদে বহাল থাকার অযোগ্য হবেন যদি আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ (Unsound Mind) ঘোষিত হন, দেউলিয়া ঘোষিত হওয়ার পর (Undischarged Insolvent) দায়মুক্তি না পান, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন অথবা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, নৈতিক স্খলন (Moral Turpitude) সংশ্লিষ্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তিলাভের পর পাঁচ বছর অতিক্রম না হয়, Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972-এর অধীনে কোনো অপরাধে দণ্ডিত হন, আইনানুযায়ী অনুমোদিত নয় এমন প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, অথবা অন্য কোনো আইনের অধীনে নির্বাচনে অযোগ্য বিবেচিত হন।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ ও তাতে স্বাক্ষর না করলে, অনুমতি ছাড়া একাদিক্রমে ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকলে, নিজে পদত্যাগ করলে অথবা সংসদ ভেঙে গেলে তার আসন শূন্য হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে।
সংবিধানের ৭১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি একই সময়ে একাধিক সংসদীয় আসন ধরে রাখতে পারবেন না। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন নির্বাচন না করলে অতিরিক্ত আসন শূন্য হবে।
এছাড়া, কোনো সংসদ সদস্য Act of God অর্থাৎ মৃত্যুবরণ করলে তার সংসদীয় আসনও শূন্য হয়ে যায়।
সজিব কুমার চয়ন,
আইন বিষয়ক বিশ্লেষক
শিক্ষার্থী, আইন বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়



















