Logo

আন্তর্জাতিক    >>   একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, কিন্তু কিভাবে?

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, কিন্তু কিভাবে?

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, কিন্তু কিভাবে?

শিরোনাম:
মহাকাশ থেকে যেন ‘উধাও’ ভারত! ৯৫ শতাংশ এলাকা ঢেকে ফেলল বিশাল মেঘমালা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

মহাকাশ থেকে তোলা এক বিস্ময়কর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পুরো ভারত যেন মেঘের চাদরের নিচে হারিয়ে গেছে। ২২ জুলাই ভোররাত ৩টার দিকে ধারণ করা ওই ছবিতে দেশটির প্রায় ৯৫ শতাংশ এলাকা ঘন মেঘে আচ্ছাদিত দেখা যায়। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এবং ইসরোর ইনস্যাট-৩ডিআর ও ইনস্যাট-৩ডিএস স্যাটেলাইটের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। রাত সোয়া ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে তোলা ছবিতে বিশাল এক মেঘমালা গোটা উপমহাদেশের ওপর বিস্তৃত থাকতে দেখা যায়।

স্যাটেলাইটের থার্মাল ইনফ্রারেড চিত্রে দেখা গেছে, বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া বক্রাকৃতির বিশাল মেঘমালা উড়িষ্যা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ অতিক্রম করে গুজরাট হয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। শুধু রাজস্থান ও কচ্ছ অঞ্চলের কিছু অংশ তুলনামূলকভাবে মেঘমুক্ত ছিল। আবহাওয়াবিদরা জলীয় বাষ্পের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি। ফলে কয়েক ঘণ্টার পরিবর্তে এই মেঘমালা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি করতে পারে।

স্যাটেলাইটে মেঘের ওপরের স্তরের তাপমাত্রা মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, মেঘের শীর্ষভাগ যত বেশি ঠান্ডা হয়, ততই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। এ ধরনের মেঘ সাধারণত ভূপৃষ্ঠ থেকে ১২ থেকে ১৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। ইতোমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে। মেঘালয়ের উইলিয়ামনগরে ৩৭ সেন্টিমিটার এবং উত্তরাখণ্ডের শামায় ২২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে ভারতে স্বাভাবিকের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন এই মেঘমালা মৌসুমি বৃষ্টিকে সক্রিয় করবে বলে আশা করা হলেও, আবহাওয়াবিদদের মতে এক রাতের বৃষ্টিতে মৌসুমজুড়ে তৈরি হওয়া বৃষ্টির ঘাটতি পূরণ হবে না। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ভারতে আগামী চার থেকে পাঁচ দিন মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এ সময়ে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, জাগোনিউজ